জয়পুরহাট জেলা সদরের মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসক না থাকায় প্রসূতি ও অন্তঃসত্ত্বা নারীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় কেন্দ্রের পরিবারকল্যাণ পরিদর্শকেরা (এফডব্লিউভি) অন্তঃসত্ত্বা নারীদের সেবা দিচ্ছেন বলে জানা গেছে।
মা ও শিশুকল্যাণ কেন্দ্র সূত্রে জানা গেছে, এ কেন্দ্রে দুজন চিকিৎসকের পদ থাকলেও দীর্ঘদিন থেকে পদ দুটি শূন্য রয়েছে। এ কেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন নাহিদা নাজনীন ও অবেদনবিদ হিসেবে মো. তাহমিদুর রহমান। ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি নাহিদা নাজনীন অন্যত্র বদলি হন। গত ১৪ জুলাই বদলি হন তাহমিদুর রহমান। তখন থেকেই এই দুটি পদে কোনো চিকিৎসক নেই। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্ত রের উপপরিচালক আবু নছর নূরুল ইসলাম চৌধুরী ওই কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সদর উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত জোবায়ের গালীবও এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
৩০ অক্টোবর সরেজমিনে দেখা যায়, চিকিৎসা নেওয়ার জন্য কেন্দ্রের বারান্দায় ৩০-৩৫ জন অন্তঃসত্ত্বা নারী দাঁড়িয়ে আছেন। কেন্দ্রের একটি কক্ষে পরিবারকল্যাণ পরিদর্শক জাহানারা বেগম ও ফাতেমা বেগম এবং একজন সেবিকা অন্তঃসত্ত্বা নারীদের পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র লিখছেন। এরপর একটি টোকেনসহ ব্যবস্থাপত্র অন্তঃসত্ত্বা নারীদের হাতে দিচ্ছেন। তাঁদের অনেকেই জানেন না এখানে কোনো চিকিৎসক নেই। পরিবারকল্যাণ পরিদর্শককে তাঁরা চিকিৎসক ভেবে চিকিৎসা নিচ্ছেন। এ সময় চিকিৎসা নিতে আসা জয়পুরহাট পৌরসভার মাদারগঞ্জ এলাকার সুস্মিতা সাহা জানান, এখানে তিনি চিকিৎসক দেখিয়েছেন। তাঁর রক্তের চাপ ও ওজন পরীক্ষা করা হয়েছে। এরপর কাগজে চিকিৎসক ওষুধ লিখে দিয়েছেন। ওষুধও তাঁরা দিয়ে দিয়েছেন।
পৌরসভার হারাইল এলাকা থেকে স্বামীকে সঙ্গে নিয়ে এসেছেন মহসীনা আকতার। তিনিও জানেন না এখানে চিকিৎসক নেই। পরিবারকল্যাণ পরিদর্শককে চিকিৎসক মনে করে চিকিৎসা নিচ্ছেন।
পরিদর্শক জানাহারা ও ফাতেমা জানান, দীর্ঘদিন থেকে চিকিৎসক নেই। অন্তঃসত্ত্বা নারীরা এলে তাঁরাই চিকিৎসা দেন। কোনো অন্তঃসত্ত্বা নারীর জটিল সমস্যা আছে বলে মনে হলে তাঁরা তাঁকে জয়পুরহাট জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, গ্রামগঞ্জের স্বল্প শিক্ষিত বা নিরক্ষর গরিব পরিবারের অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসক নেই জানিয়ে অনেক সময় অন্য হাসপাতালে নিতে বলা হয়। তখন এ কেন্দ্রের সামনে অবস্থানরত নারী দালালেরা নানা প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্র ও হাসপাতালে পাঠিয়ে আর্থিক সুবিধা নেন।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আবু নছর নূরুল ইসলাম চৌধুরী বলেন, চিকিৎসক না থাকায় দালালদের কিছুটা উৎপাত রয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে। দু-একজন দালালকে ইতিমধ্যে পুলিশেও সোপর্দ করা হয়েছে।
চিকিৎসক না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে স্বীকার করে উপপরিচালক জানান, পুরো জেলার দায়িত্বে থাকার কারণে তিনি এ কেন্দ্রে ঠিকমতো সময় দিতে পারেন না। তবে মাঝেমধ্যে তিনি এখানে বসে রোগী দেখেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসা দিতে পরিদর্শকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া আছে। তবে চিকিৎসক নিয়োগ দেওয়া হলে অন্তঃসত্ত্বা নারীরা প্রকৃত সেবা পাবেন।