চিকিৎসক না থাকায় ময়নাতদন্ত বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের একমাত্র চিকিৎসক ছুটিতে থাকায় বৃহস্পতিবার থেকে ময়নাতদন্ত বন্ধ রয়েছে। কলেজের মর্গে পড়ে রয়েছে কয়েকটি মরদেহ। মৃতের আত্মীয়স্বজন হন্যে হয়ে সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না।ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দঁড়িয়ার মাঠ গ্রামের দেলোয়ার হোসেন (৪৫) জানান, গত রোববার রাতে একই গ্রামের তার ফুপাতো ভাই করিম ফকির (৪২) বিষপানে আত্মহত্যা করেন। গত সোমবার সকাল ১০টায় তাঁর লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। দুপুরে পাঠানো হয় মর্গে। কিন্তু চিকিৎসক না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা যায়নি। হাসপাতালের ওয়ার্ডমাস্টার মো. সাখাওয়াত হোসেন জানান, গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দুর্ঘটনা, অপঘাত বা অপমৃত্যুজনিত মোট চারটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, সময়মতো ময়নাতদন্ত না হওয়ায় অপঘাতে নিহত স্বজনদের মরদেহ নিতে আত্মীয়স্বজনেরা থানা, হাসপাতাল, মর্গসহ বিভিন্ন স্থানে ধরনা দিচ্ছে, আহাজারি করছে। কিন্তু ময়নাতদন্ত না হওয়ায় তাঁরা কিছুই করতে পারছেন না।কলেজের উপাধ্যক্ষ আসম জাহাঙ্গীর চৌধুরী প্রথম আলোকে জানান, ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে বর্তমানে একজন মাত্র চিকিৎসক রেজাউল হক (সহকারী অধ্যাপক) ময়নাতদন্ত করে থাকেন। কিন্তু গত বৃহস্পতিবার তিনি দুই দিনের ছুটিতে বাড়ি গেছেন। গত রোববার ছুটি শেষ হয়েছে। তবে তিনি মোবাইল ফোনে অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়েছেন। ফরিদপুরের সিভিল সার্জন বশিরুল ইসলাম জানান, যেখানে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেখানেই ময়নাতদন্তের দায়িত্ব তাঁদেরই। তবে কলেজের উপাধ্যক্ষ তাঁকে জানানোর পর তিনি বিষয়টি দেখার জন্য ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসককে বলেছেন। ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আফজাল হোসেন জানান, দুপুর দুইটার পর ময়নাতদন্ত করা সম্ভব হয় না। আজ (মঙ্গলবার) ময়নাতদন্ত করা হবে।