চিকিৎসক না পেয়ে বিক্ষোভ
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসা কর্মকর্তার বিরুদ্ধে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা ওই চিকিৎসকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহম্মদপুর উপজেলা সদরের রায়পাশা গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান তাঁর অসুস্থ মাকে চিকিৎসক দেখাতে বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় তিনি হাসপাতালে কোনো চিকিৎসককে পাননি। এ সময় তিনি হাসপাতাল-সংলগ্ন শিকদার ফার্মেসিতে উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলামকে প্রাইভেট প্র্যাকটিস করতে দেখেন। ওই ঘটনায় ক্ষুব্ধ নুরুজ্জামান রবিউলের কাছে গিয়ে অফিস সময়ে বাইরে প্রাইভেট চিকিৎসা দেওয়ার জন্য কৈফিয়ত চান। এ নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে ছাত্রলীগের নেতা মো. নুরুজ্জামানের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত এশিয়াটিক ফার্মা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সৈয়দ কেরামত আলী ওই চিকিৎসকের পক্ষ নিয়ে নুরুজ্জামানকে লাঞ্ছিত করেন। ঘটনা জানাজানি হয়ে পড়লে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সেখানে সমাবেশ করেন। সমাবেশে তাঁরা ওই চিকিৎসকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও অনৈতিক কাজের অভিযোগ তোলেন। বিক্ষোভকারীরা ওই চিকিৎসককে অপসারণেরও দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে চিকিৎসক রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই ছেলের (নুরুজ্জামান) সঙ্গে আমার কোনো কিছু ঘটেনি। এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সঙ্গে ঝামেলা হয়েছিল। আমি শুধু ওই সময় পুলিশকে ফোন করেছি।’
নুরুজ্জামান বলেন, ‘হাসপাতালে রোগী ফেলে রবিউল বাইরের ফার্মেসিতে রোগী দেখছিলেন। আমি এ নিয়ে কথা বললে উত্তেজনা দেখা দেয়। ওই চিকিৎসকের সহযোগী এক রিপ্রেজেন্টেটিভ আমাকে লাঞ্ছিত করেন।’