ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের না পেয়ে বিক্ষোভ করেছেন রোগীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রোগীরা বিক্ষোভ করেন।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, প্রায় ৩০-৩৫ জন নারী ও পুরুষ রোগী উপ-স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে বিক্ষোভ করছেন। এঁদের কেউ জ্বরে আক্রান্ত আবার কেউ শীতজনিত রোগে চিকিৎসা নিতে এসেছেন। ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে তাঁরা এখানে এসেছেন বলে জানান। কিন্তু চিকিৎসকসহ কর্মরত ব্যক্তিদের কারও দেখা পাননি। গতকাল ওই উপ-স্বাস্থ্যকেন্দ্রে দুই ঘণ্টা অপেক্ষা করেও এই প্রতিবেদক কর্মরত ব্যক্তিদের কাউকে দেখতে পাননি। এ ছাড়া কেন্দ্রের তিনটি ভবনের মধ্যে দুটি বন্ধ পাওয়া গেছে। ফার্মাসিস্ট যে ভবনে বসেন সেটি খোলা থাকলেও ভেতরের ভবনগুলো বন্ধ ছিল।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিখিল রঞ্জন বৈদ্য জানান, ওই কেন্দ্রে চারটি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসা কর্মকর্তার পদে ইরাতুন নাশিহা, চিকিৎসা সহকারী সুজিত কুমার সরকার, ফার্মাসিস্ট কৈলাস চন্দ্র পাল এবং এমএলএসএস পদে মো. সাইফুল ইসলাম কর্মরত।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, কর্মরত ব্যক্তিদের এ রকম অনুপস্থিতির মধ্যেই উপ-স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চলছে। উপস্থিত চারজন রোগী জানান, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে একজন নারী চিকিৎসক এসে খাতায় ‘কী যেন’ লিখে চলে গেছেন। রোগীদের সমস্যার কথায় ওই চিকিৎসক কর্ণপাতই করেননি।
এ ব্যাপারে চিকিৎসা কর্মকর্তা ইরাতুন নাশিহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে তাঁর মুঠোফোনের নম্বর জানতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
তিনি জানান, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চিকিৎসক ইরাতুন নাশিহা ছুটি নিয়েছিলেন। ছুটি শেষে তিনি কাজে যোগ দিয়েছেন। চিকিৎসক ছাড়াও তো উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিৎসা সহকারী, ফার্মাসিস্ট ও এমএলএসএস রয়েছেন। তাঁদের কেউ উপস্থিত নেই জানালে তিনি বলেন, ‘আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
রোগীদের সঙ্গে কথা বলার সময় মো. মেনু মিয়া ও তাঁর ছেলে ফুয়াদ মিয়া জানান, তাঁরা উপ-স্বাস্থ্যকেন্দ্রের দেখভাল করেন। তাঁদের কাছে ভবনগুলোর চাবিও রয়েছে। এই কাজের জন্য কর্মরত ব্যক্তিরা তাঁদের মাসে ১২০০ টাকা দেন। উপ-স্বাস্থ্যকেন্দ্রের চাবি বহিরাগত লোকজনের হাতে থাকার বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা নিখিল রঞ্জন বৈদ্য বলেন, ‘এমনটা হওয়ার কথা না। দায়িত্বপালনকারী কর্মকর্তার কাছে এ বিষয়ে কৈফিয়ত তলব করব।’