চিকিৎসক না হয়েও করতেন অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

খুলনার রূপসা উপজেলায় একটি ক্লিনিকে চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে ১ বছর ১০ মাস কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ব্যক্তিকে সহযোগিতার অপরাধে অপর দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিফ মাহমুদ পাশা তাঁদের এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত ওই ভুয়া চিকিৎসকের নাম মো. কামরুজ্জামান। তিনি ওই প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা ও অস্ত্রোপচার করে আসছিলেন। আর যে দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, তাঁরা হলেন আবদুর রহমান ও আলম মোড়ল।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রূপসা প্রেসক্লাবের পাশে অবস্থিত আরাফাত হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকে চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচার করে আসছিলেন কামরুজ্জামান। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৬–এর সদস্যদের সহযোগিতায় আজ সেখানে অভিযান চালিয়ে কামরুজ্জামানকে আটক করে ১ বছর ১০ মাস কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাঁর দুই সহযোগী আবদুর রহমান ও আলম মোড়ল নামের দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।

৬ থেকে ৭ মাস আগে ক্লিনিকটি চালু করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিফ মাহমুদ পাশা। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাবরিনা রহমান উপস্থিত ছিলেন।
র‌্যাব-৬–এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ বলেন, কামরুজ্জামান রোগীদের অস্ত্রোপচার করতেন। অভিযানের সময় হাসপাতালে দুজন রোগীও পাওয়া গেছে।