চিকিৎসক নারায়ণের খুনিদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি
চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্তের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চট্টগ্রামে চিকিৎসকেরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেন চিকিৎসকেরা। এ ছাড়া কালো ব্যাজ ধারণ, শোক শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁরা।সূত্র জানায়, প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালসহ ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালিত হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মোজাম্মেল চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।এদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকদের ব্যানারে কালো ব্যাজ ধারণ, শোক শোভাযাত্রা, প্রতিবাদ সমাবেশ ও দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেছে স্বাচিপের অপর একটি পক্ষ।উভয় সমাবেশে বক্তারা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত হিসেবে অভিহিত করেন। তাঁরা বলেন, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর সরকারি বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত।