স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অস্থায়ী ভিত্তিতে তিন হাজার ৫৫১ জন প্রার্থীকে সহকারী সার্জন পদে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। গতকাল সোমবার সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, নির্বাচিতদের পরীক্ষার রোল নম্বর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। মন্ত্রণালয়ের নোটিশ বোর্ডে ফল পাওয়া যাবে।এদিকে ফলাফলকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। বিক্ষুব্ধরা বিএসএমএমইউতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শারফুদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আবদুল আজিজ ও আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলানের কক্ষে ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধরা বিএমএ মহাসচিব শারফুদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব আবদুল আজিজের কক্ষে ঢুকে ভাঙচুর করে। তবে ওই সময়ে তাঁরা কক্ষে ছিলেন না। স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলানের কক্ষের বইয়ের আলমারির কাচ ভেঙে ফেলেছে কয়েকজন। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা বলেন, এ সময় ইকবাল আর্সলান কক্ষে ছিলেন। বিক্ষুব্ধরা যাওয়ার সময় তাকে ভেতরে রেখে দরজায় তালা লাগিয়ে দেয়। বিএমএর মহাসচিব শারফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ফলাফলে ক্ষুব্ধ চিকিৎসকেরা বিএসএমএমইউতে মিছিল করেছে এবং আমার কক্ষ ভাঙচুর করেছে। এ ব্যাপারে হাসপাতাল প্রশাসন ব্যবস্থা নেবে। বিএমএর পক্ষ থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলা হয়েছে।’ স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে বিএমএর বৈঠক হয়েছে। শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আরও চিকিৎসক নিয়োগ দেওয়ার ব্যাপারে মন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। এতে করে সমস্যার সমাধান হবে।’ বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল মজিদ ভূঁইয়া বলেন, বিক্ষুব্ধরা সাত তলায় বিএমএ মহাসচিব ও যুগ্ম মহাসচিবের কক্ষ ভাঙচুর করেছে। অস্থায়ী নিয়োগে ক্ষোভ, অসন্তোষ থেকে এ ঘটনা ঘটতে পারে। সকালে প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল হাসপাতালে ঢুকে এ ঘটনা ঘটে। কর্মকর্তা-কর্মচারীরা তাদের চিনতে পারেনি। এ ব্যাপারে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ভাঙচুরের ব্যাপারে তদন্ত করার জন্য অধ্যাপক জুলফিকার রহমান খানের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।