চিকিৎসক নেই, ঝাড়-ফুঁকই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ২৬০টি গ্রামের দুই লক্ষাধিক লোকের স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু এক বছর ধরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকিৎসক নেই। নার্সের ১০টি পদ থাকলেও রয়েছেন একজন। জানা গেছে, যোগাযোগ ব্যবস্থা না থাকায় ও চিকিৎসা উপকরণের সঙ্কট থাকায় নিয়োগ পেলেও চিকিৎসকেরা এখানে থাকতে চান না। চিকিৎসকসংকটে দায়িত্ব পালন করছেন চিকিৎসা সহকারী ও ওয়ার্ডবয়রা। এতে হাতুড়ে ও কবিরাজি চিকিৎসা বাড়ছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছর ২৩ জুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবুল হাসেম আনছারী। তিনিই ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র চিকিৎসক। ৯ মার্চ তিনি অন্যত্র বদলি হয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক শূন্য হয়ে পড়ে। জেলা সিভিল সার্জন হারিছ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা কীভাবে চলবে, এ নিয়ে দুশ্চিতায় আছি।’ ৩৩৭ বর্গকিলোমিটার আয়তনের উপজেলা তাহিরপুরে অভ্যন্তরীণ ও বাইরের সঙ্গে কোনো সড়ক যোগাযোগ নেই। তাই হেমন্তে খেতের আল ধরে হেঁটে ও বর্ষায় নৌকা করে আসতে হয় স্বাস্থ্য কমপ্লেক্সে। এর পরও যখন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মেলে না, তখন জটিল রোগীকে দোলনায় নিয়ে ছয় ঘণ্টা হেঁটে বা ১০ ঘণ্টায় নৌকা করে জেলা শহরে নেওয়ার সাহস করেন না অনেকে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০০৫ সাল থেকে কক্ষ ও বিদ্যুতের অভাবে এক্স-রে যন্ত্রটি অকেজো পড়ে আছে। বেশি বেকায়দায় পড়েন প্রসূতিরা। কারণ, স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক নেই। উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম বলেন, উপজেলায় বেসরকারি উদ্যোগেও কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করা হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী হীরক গোস্বামী জানান, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ ও ২০০৩ সালের ফেব্রুয়ারি থেকে চিকিৎসা কর্মকতার নয়টি পদই শূন্য রয়েছে। তা ছাড়া নার্সিং সুপারভাইজারের একমাত্র পদটি, সিনিয়র স্টাফ নার্সের নয়টির মধ্যে আটটি, সহকারী নার্সের একমাত্র পদটিসহ গুরুত্বপূর্ণ অনেক পদই শূন্য। বাদাঘাট ইউপির চেয়ারম্যান রাখাব উদ্দিন বলেন, ‘অনগ্রসর এ অঞ্চলের লোকজন হাতুড়ে ও কবিরাজি চিকিৎসার প্রতি বেশি ঝুঁকছে।’ তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, ‘সম্প্র্রতি মন্ত্রিপরিষদ সচিব সুনামগঞ্জ এলে বিষয়টি তাঁকে জানানো হয় এবং জেলা সমন্বয় সভায় বিষয়টি আমি জোরালোভাবে উপস্থাপন করেছি।’ তিনি শঙ্কিত হয়ে বলেন, ‘আল্লাহ্ না করুক যদি নিজের কিছু হয়ে যায়, তখন কী করব তা-ই জানি না।’