যশোর কেন্দ্রীয় কারা হাসপাতালে চিকিৎসকের দুটি পদই শূন্য রয়েছে ২০১১ সালের ১৮ জুন থেকে। এরপর গত তিন বছরে কারাগারের ২২ জন কয়েদি মারা গেছেন। তাঁদের বেশির ভাগই চিকিৎসার অভাবে মারা গেছেন বলে জানা গেছে।
কয়েদিদের অভিযোগ, কারাগারে চিকিৎসাব্যবস্থা বলে কিছু নেই। অসুস্থ সাধারণ কয়েদিরা কারা হাসপাতালে ভর্তির সুযোগ পান না। ক্ষমতাধর ও অর্থশালী ব্যক্তিরা সুস্থ থাকার পরও হাসপাতালে ভর্তি থাকেন।
এক হাজার ১১৯ জন ধারণক্ষমতার ওই কারাগারে সহকারী সার্জনের দুটি পদে একজন পুরুষ চিকিৎসক ছিলেন। তিন বছর আগে ওই চিকিৎসক বদলি হয়ে যাওয়ার পর আর কোনো চিকিৎসক যোগদান করেননি। যশোর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক আরিফ আহমেদকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে ৬৮ শয্যার কারা হাসপাতালের চিকিৎসাসেবা কোনো রকমে চালিয়ে নেওয়া হচ্ছে। আরিফ আহমেদ যশোর পুলিশ লাইন হাসপাতালেও অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।
কারাগার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ জুন থেকে ২০১৪ সালের ৫ জুলাই পর্যন্ত কারাগারের ১২ জন সাজাপ্রাপ্ত কয়েদি ও ১০ জন বিচারাধীন মামলার হাজতির মৃত্যু হয়েছে। এর মধ্যে গত শুক্র ও শনিবার মারা গেছেন দুজন। শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুরের জীবননগর উপজেলার আনন্দবাশ পশ্চিমপাড়া গ্রামের ইউনুস আলী (৫৭) মারা যান।
কারাগারে ইউনুসের সঙ্গে একই ওয়ার্ডে থাকা এক কয়েদি গত রোববার প্রথম আলোকে বলেন, ‘মারা যাওয়ার দুই দিন আগে থেকে ইউনুস বলছিলেন, তাঁর দম বন্ধ হয়ে আসছে। শুক্রবার রাতে তাঁর বুকে ব্যথা শুরু হয়। রাইডারকে (প্রহরী) বলে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সারা রাত তাঁকে হাসপাতালের শানের (ফ্লোর) ওপরে ফেলে রাখা হয়। তেমন কোনো চিকিৎসা দেওয়া হয়নি। সকাল সাড়ে আটটার দিকে তাঁকে যশোর সদর হাসপাতালে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। পরে শুনি তিনি মারা গেছেন।’
হাসপাতালের ফার্মাসিস্ট গোলাম সরোয়ার দাবি করেন, রাতে নয়, শনিবার ভোর ছয়টার দিকে ইউনুসকে কারা হাসপাতালে আনা হয়। তখন তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অবস্থার অবনতি হলে সকাল সাড়ে আটটার দিকে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে। প্রহরী দিয়ে অসুস্থ কয়েদিদের ইনজেকশন ও স্যালাইন দেওয়ার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নির্দেশ অনুযায়ী তারা অসুস্থদের ইনজেকশন-স্যালাইন ও ওষুধপত্র দেয়। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও তাদের প্রশিক্ষণ দিয়ে নেওয়া হয়েছে।’
কারাগারের জে৵ষ্ঠ তত্ত্বাবধায়ক শাজাহান আহমেদ বলেন, কোনো কয়েদি অসুস্থ হলে প্রাথমিক অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া হয়। মারাত্মক কিছু দেখা দিলে তাৎক্ষণিকভাবে বাইরের হাসপাতালে পাঠানো হয়।