শল্যচিকিৎসক ও অবেদনবিদের অভাবে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অস্ত্রোপচারকক্ষের (ওটি) একটি ২৭ বছর ও অন্যটি সাত বছর ধরে বন্ধ। ৫০ লাখ টাকা ব্যয়ে এই দুটি ওটি স্থাপন করা হলেও অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে মেশিনপত্র ও সার্জিক্যাল সরঞ্জামাদি।
হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৭ সালে গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে ৩১ শয্যাবিশিষ্ট সরকারি চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ওই সময়ই হাসপাতালের নিচতলায় আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ একটি ওটি স্থাপন করা হয়। এটি চালু করতে কেনা হয় ২০ লাখ টাকার যন্ত্রপাতি। কিন্তু শল্যচিকিৎসক ও অবেদনবিদ না থাকায় ২৭ বছর ধরে সেটি বন্ধ রয়েছে।
গৌরনদী সদরের বাসিন্দা পিংকি বেগম বলেন, এখানে অস্ত্রোপচার বন্ধ থাকায় রোগীকে বরিশালে নিয়ে যেতে হয়। এতে অর্থ ও সময় দুটোই নষ্ট হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসলেম উদ্দিন খান বলেন, চিকিৎসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।