চিকিৎসক নেই, প্রসূতির অস্ত্রোপচার বন্ধ তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের মা ও শিশুকল্যাণ কেন্দ্রে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ (গাইনি) চিকিৎসক নেই। এ কারণে প্রসূতিদের অস্ত্রোপচার প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে। এতে দরিদ্র পরিবারের প্রসূতিরা বিপাকে পড়েছেন।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা (ক্লিনিক) ছিলেন নাসিমা আক্তার জাহান। তিনি ২০১৪ সালের ১৫ অক্টোবর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক পদে বদলি হয়ে যান। এরপর থেকে পদটি শূন্য রয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ রেজা হাবিব ওই শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তার (ক্লিনিক) অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। গতকাল সোমবার জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘নাসিমা আক্তার জাহানকে অনুরোধ করে এনে এখানে প্রসূতিদের অস্ত্রোপচারের কাজটি চালিয়ে আসছিলাম। কিন্তু সেপ্টেম্বর থেকে তিনি আর এখানে আসতে অপারগতা প্রকাশ করেন।’
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, এ কেন্দ্রে অনেক নারী ও শিশু চিকিৎসার জন্য এসেছে। স্বাস্থ্য পরিদর্শিকা খালেদা ফাহমি চিকিৎসা দিচ্ছেন। তিনি বলেন, ‘প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন মা ও শিশু চিকিৎসা নিতে এখানে আসে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এখানে জটিলতা নিয়ে আসা প্রসূতিদের অস্ত্রোপচার সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক প্রসবসহ অন্যান্য সেবা চালু আছে। কেন্দ্রে প্রসব ব্যথা নিয়ে এলে ওই প্রসূতির শারীরিক অবস্থা পরীক্ষা করি। প্রসবের জটিল লক্ষণ দেখলেই তাঁকে সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই।’
রোববার মাতৃত্বকালীন সেবা নিতে আসা রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের গৃহবধূ আরফিনা বেগম বলেন, ‘পাঁচ বছর আগে এখানে বিনা মূল্যে প্রসবসেবা পেয়েছিলাম। এবারও সেবা নিতে এসেছি। এখন দেখি ডাক্তার নাই। এক কর্মচারী আমাকে একটা ক্লিনিকে ভর্তি হতে বলেছেন। কিন্তু ক্লিনিকে তো অনেক খরচ।’
সদর উপজেলার আউলিয়াপুর এলাকার ভ্যানচালক হাফিজুর রহমান বলেন, ৭ নভেম্বর তাঁর স্ত্রী মাসুমা বেগমের প্রসব ব্যথা শুরু হলে এ কেন্দ্রে চিকিৎসা নিতে আসেন। কিন্তু মাসুমাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এক দালাল তাঁকে কৌশলে বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. তারিকুল ইসলাম বলেন, মা ও শিশুকল্যাণ কেন্দ্রটিতে নতুন চিকিৎসক নিয়োগ পেলেই এ সংকট কেটে যাবে।