সুমি বেগম নামের এক গৃহবধূ গতকাল বুধবার জ্বর, মাথাব্যথা নিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে আসেন। কিন্তু সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অপেক্ষা করেও চিকিৎসকের দেখা না পেয়ে শেষমেশ তিনি চলে যান। সুমির বাড়ি আলমপুর ইউনিয়নের ধোলাই ঘাট গ্রামে।
ওই দিন বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটিতে চিকিৎসক না থাকায় সুমির মতো অনেক নারী, পুরুষ, শিশু চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। স্বাস্থ্য কেন্দ্রের ঘরগুলোতে তালা ঝুলছে। ভবনের ছাদের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ নেই। পানির অভাবে টয়লেট নোংরা হয়ে আছে। চারদিকে দুর্গন্ধ।
স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, এখানে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট, একজন পরিবারকল্যাণ পরিদর্শিকা, একজন পিয়ন ও একজন আয়ার পদ থাকলেও বর্তমানে আছেন শুধু আয়া ও পিয়ন।
ভিমপুর গ্রামের আমজাদ হোসেন (৬০) বলেন, ‘এটে (এখানে) দুই বছরেও কোনা ডাক্তার দেখনু না। যেটা হামার কোনো উপকারত আইসে না সেটা থাকি লাভ কী কইন তো?’ ইউপি সদস্য শালজার হোসেন বলেন, এলাকার অবস্থাসম্পন্নরা এখানে আসেন না। গরিব মানুষেরা বাধ্য হয়ে এলেও চিকিৎসক না থাকায় কোনো উপকার পান না।
ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘এখানে চিকিৎসক দেওয়ার জন্য মুঠোফোনে রংপুরের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মহাপরিচালককে কয়েকবার অনুরোধ করেছি। উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আলোচনা করেছি। তার পরও কাজ হয়নি।’
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, এক বছর ধরে স্বাস্থ্য কেন্দ্রটিতে স্বাস্থ্য কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা ও ফার্মাসিস্ট নেই। দুই মাস আগে পরিবারকল্যাণ পরিদর্শিকা হাবিবা কুলসমও বদলি হয়ে অন্যত্র চলে যান। বিষয়টি রংপুরের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মহাপরিচালককে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো চিকিৎসক দেওয়া হয়নি।