চিকিৎসক নেই, মিলছে না সেবা
চিকিৎসক না থাকায় রংপুরের তারাগঞ্জের চারটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের একটিতে তালা ঝুলছে। দুটিতে পরিবারকল্যাণ পরিদর্শিকা দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। এতে গ্রামের লোকজন যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পাঁচটি ইউনিয়নের মধ্যে ইকরচালী, সয়ার, আলমপুর ও হাড়িয়ারকুঠি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র আছে। প্রতিটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে একজন করে স্বাস্থ্য কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা, ফার্মাসিস্ট, পরিবারকল্যাণ পরিদর্শিকা, পিয়ন ও আয়া থাকার কথা। কিন্তু ওই চারটি ইউনিয়নের একটি স্বাস্থ্যকেন্দ্রেও চিকিৎসক নেই। ইকরচালী, সয়ার, হাড়িয়ারকুঠি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র ফার্মাসিস্ট ও পরিবারকল্যাণ পরিদর্শিকা দিয়ে চলছে। আলমপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে কর্মরত আছেন শুধু একজন পিয়ন। এই কেন্দ্রে চিকিৎসক ও কর্মচারী না থাকায় প্রতিদিন নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছে।
এ ব্যাপারে তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘তিন মাস আগে আলমপুর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চিকিৎসক দেওয়ার জন্য রংপুরের পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালককে অনুরোধ করেছি। তার পরেও চিকিৎসক না দেওয়ায় ইউনিয়নের ২৫ হাজার মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না।’
আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান জানান, আলমপুর থেকে তারাগঞ্জ হাসপাতালের দূরত্ব আট কিলোমিটার। যোগাযোগব্যবস্থা ভালো নয়। লোকজন অসুস্থ হলে সেখানে যেতে পারে না। আলমপুর স্বাস্থ্যকেন্দ্রে এলেও চিকিৎসক না থাকায় তারা চিকিৎসা পায় না।
গত সোমবার সরেজমিনে মধুরামপুর গ্রামের সুলতানা খাতুন বলেন, ‘দুই দিন থাকি জর, সর্দি। আলমপুর হাসপাতালোত ডাক্তার দেখাইতে আলছুনু, না পায়া ঘুরি যায়ছু।’ ভিমপুর গ্রামের আবু হোসেন (৬০) বলেন, ‘বাবা এক বছরেও এটে কোনা ডাক্তার দেখনু না। কায়োও হাসপাতালের তালাও খোলে না।’
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, তারাগঞ্জে চারটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে চিকিৎসক না থাকার বিষয়টি রংপুরের পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালককে জানানো হয়েছে। শিগগির স্বাস্থ্যকেন্দ্রগুলোর সমস্যা সমধান হবে।