চিকিৎসক নেই, সেবা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৈরব রেলওয়ে হাসপাতালের চিকিৎসাসেবা এলাকা ভৈরব থেকে গাজীপুরের পূবাইল, ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা ও ময়মনসিংহের আঠারবাড়ি রেলওয়ে স্টেশন। হাসপাতাল থেকে এই তিন দিকের রেলপথের দূরত্ব প্রায় ১৭০ কিলোমিটার।
এই এলাকায় রেলওয়ের কর্মী প্রায় তিন হাজার। রেলওয়ের অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদেরও এই হাসপাতাল থেকে সেবা পাওয়ার কথা। দুর্ঘটনার শিকার যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা এই হাসপাতাল থেকে।
কিন্তু বৃহৎ এই রেলওয়ে এলাকার একমাত্র এই হাসপাতালে বর্তমানে কোনো চিকিৎসা কর্মকর্তা নেই। ফার্মাসিস্টসহ প্রয়োজনীয় লোকবলের অভাবে বর্তমানে অঘোষিতভাবে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে রেলওয়ের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছে ‘অজ্ঞানপার্টির’ কবলে পড়া ও দুর্ঘটনার শিকার যাত্রীরা। গত প্রায় তিন মাসে এই হাসপাতাল থেকে একজনও চিকিৎসা স্বাস্থসেবা পাননি।
রেলওয়ের ঢাকা বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এতটা নাজুক পরিস্থিতি তৈরি হবার তো কথা নয়। জরুরি ভিত্তিতে পদ পূরণ করে দ্রুত চিকিৎসা কার্যক্রম সচল করা হবে।’
রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ে কর্তৃপক্ষ ১৯৬৪ সালে ভৈরবে দুটি হাসপাতাল প্রতিষ্ঠা করে। ছয় বছর আগে একটির কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। হাসপাতালটিতে দুজন চিকিৎসা কর্মকর্তা, দুজন ফার্মাসিস্ট, দুজন ওয়ার্ডবয়, একজন পরিচ্ছন্নতা-কর্মী, একজন অফিস সহকারী ও একজন পাহারাদারের পদ রয়েছে। বর্তমানে একজন ওয়ার্ডবয়, একজন অফিস সহকারী ও একজন পাহারাদার ছাড়া বাকি পদ শূন্য। চিকিৎসক বসন্ত কুমার দে ছয় মাস আগে জামালপুরে বদলি হয়ে যাওয়ার পর হাসপাতালের চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই অবস্থায় প্রায় তিন মাস আগে আখাউড়া রেলওয়ে হাসপাতালের চিকিৎসক মো. শামসুজ্জামানকে সপ্তাহে একদিন সেবা কার্যক্রম চালু রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। শামসুজ্জামান আখাউড়া হাসপাতালের একমাত্র চিকিৎসক। একই সঙ্গে শায়েস্তাগঞ্জ হাসপাতালের অতিরিক্ত দায়িত্বে আছেন। সূত্র জানায়, দায়িত্ব পাওয়ার প্রথম দুই মাসে ওই কর্মকর্তা দুবারের বেশি হাসপাতালে আসেননি।
সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, ওয়ার্ডবয় নারায়ণ চন্দ্র দাস ছাড়া সেখানে আর কেউ নেই। ওষুধ রাখার কক্ষ সিলগালা করা। জরুরি বিভাগের শয্যা ভাঙ্গা। চিকিৎসকের কক্ষে আসবাবপত্র নেই। যন্ত্রপাতি গুদামে তালাবন্ধ করে রাখা। ওয়ার্ডবয় নারায়ণ চন্দ্র দাস বলেন, ‘আমি একা। তাই রোগী আসলে অন্য হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিই।’
স্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, ‘আমাদের চিকিৎসা তো দূরের কথা, যাত্রীদের প্রাথমিক চিকিৎসা নেওয়ারও কোনো সুযোগ নেই।’ চিকিৎসা কর্মকর্তা মো. শামসুজ্জামান বলেন, ‘আমি মাসে একবার হাসপাতালে যাই—সেটা স্বীকার করছি। কারণ চিকিৎসা দেওয়ার মতো কোনো পরিবেশ নেই। ফলে দাপ্তরিক কাজ করে চলে আসি।’