রাজশাহীতে পুলিশের বিরুদ্ধে এক চিকিৎসক পরিবারকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। গতকাল শনিবার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে কমিটি।জানা গেছে, তদন্ত কমিটির প্রধান রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রশিক্ষণ) খালিদ বিন নূর গতকাল সকালে পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।এম ওবায়দুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন পেয়েছি। এতে বলা হয়েছে, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই চিকিৎসক এ আর বাসুনিয়ার বাসায় তল্লাশি করতে যায় পুলিশ। এ সময় ওই পরিবারকে জিম্মি করে এক লাখ টাকা আদায় করে পুলিশ। মহানগর পুলিশের সহকারী কমিশনার (সদর) তৌফিকুল ইসলাম এবং রাজপাড়া থানার উপপরিদর্শক মতিউর রহমান ও মাসুদ রানা ওই টাকা ভাগাভাগি করে নেন।’গত বুধবার সন্ধ্যায় নগরের ঝাউতলা মিঠুর মোড়ে চিকিৎসক এ আর বাসুনিয়ার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে এক লাখ টাকা নিয়ে আসে পুলিশের ওই তিন কর্মকর্তাসহ আট সদস্য। এ ঘটনা জানাজানি হলে ওই রাতেই সহকারী পুলিশ কমিশনার তৌফিকুল ইসলামকে মহানগর পুলিশের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং অন্যদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।এদিকে, ওই ঘটনায় গতকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তারা ইতিমধ্যে বাসুনিয়াকে ৫০ হাজার টাকা ফেরত দিয়েছেন। বাকি টাকা কয়েক দিনের মধ্যেই দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক বাসুনিয়া।