চিকিৎসক প্রাইভেট রোগী দেখছেন রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বসেই
জেলার রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসেই প্রাইভেটভাবে রোগী দেখার অভিযোগ উঠেছে একজন চিকিৎসকের বিরুদ্ধে। এ ছাড়া চিকিৎসক ও সেবিকাসংকট এবং এক্স-রে মেশিন ও অ্যাম্বুলেন্স বিকল থাকায় রামগঞ্জের প্রায় তিন লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যার। এখানে নয়জন চিকিৎসকের স্থলে চারজন রয়েছেন। এর মধ্যে বিশেষজ্ঞ চারটি পদ থাকলেও দীর্ঘদিন থেকে তিনটি পদ শূন্য রয়েছে। এ পদগুলো হচ্ছে অ্যানেসথেসিয়া, মেডিসিন ও সার্জারি। এ ছাড়া বর্তমান নয়জন সেবিকার স্থলে সাতটি পদ এক বছর ধরে শূন্য রয়েছে। মেডিকেল অফিসার দিয়ে কোনোরকমে রামগঞ্জ এলাকার মানুষের সেবা দেওয়া হচ্ছে। জানা যায়, এক বছর ধরে ওই হাসপাতালে এক্স-রে মেশিন ও অ্যাম্বুলেন্সটি অকেজো পড়ে আছে। এতে করে রোগীদের প্রয়োজনে এক্স-রে করা সম্ভব হয় না। এ ছাড়া অ্যাম্বুলেন্সের অভাবে অনেক সময় রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য স্থানে পাঠাতে দুর্ভোগ পোহাতে হয়। সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক নাজমুল হক প্রাইভেটভাবে রোগী দেখছেন। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘রোগীদের অনুরোধে ব্যবস্থাপত্র দিই। তবে নির্ধারিত কোনো ফি নিই না।’স্থানীয় সিরাজুল ইসলাম জানান, প্রতিদিন চিকিৎসক তিন-চারজন আসেন। চিকিৎসক, সেবিকা ও অন্যান্য সরঞ্জামের অভাবে মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে না। এ ছাড়া চিকিৎসা নিতে আসা বম্মপাড়ার আলমগীর হোসেন জানান, তাঁরা বাইরে থেকে খাবার নিয়ে খান, হাসপাতালে যে খাবার দেওয়া হয়, তা মানসম্মত নয়। জগৎপুরের পারভীন আক্তার জানান, বাথরুম ব্যবহারের অনুপযোগী। রোগী হাসপাতালে আসার পর আরও খারাপ হয়ে যায়। কাজীর খিলের নারগিস আক্তার জানান, ডেলিভারির পর সেবিকা ও চিকিৎসককে অতিরিক্ত টাকা দিতে হয়। কলছমার ঝর্ণা আক্তার জানান, রোগী ভর্তি হতে টাকা লাগে। হাসপাতাল থেকে তেমন ওষুধ দেওয়া হয় না।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, হাসপাতালের ভেতরে প্রাইভেটভাবে রোগী দেখার বিষয়টি তাঁর জানা নেই। চিকিৎসক ও সেবিকাসংকটের কথা স্বীকার করে তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স ও এক্স-রে মেশিন দীর্ঘদিন থেকে বিকল পড়ে আছে। এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চিকিৎসক ও সেবিকারা অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়।