চিকিৎসক ও জনবলসংকটের কারণে রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছে না জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১০ সালের জুন মাসে ৩১ শয্যার এই হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ সময় ৫০ শয্যার রোগীর পথ্য বরাদ্দ দেওয়া হলেও জনবল কাঠামো অনুমোদন করা হয়নি। অথচ ৩১ শয্যার অনুমোদিত ১২২টি পদের মধ্যে বর্তমানে জনবল আছে ৭৮ জন। এর মধ্যে ১৭ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র তিনজন। এদের মধ্যে জুনিয়র কনসালট্যান্ট (স্ত্রীরোগ) ফাতেমাতুজ্জোহুরা গত ফেব্রুয়ারি থেকে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আরও তিনজন চিকিৎসককে প্রেষণে এনে কাজ করানো হচ্ছে। এ হাসপাতালে প্রতিমাসে গড়ে দুই হাজার পাঁচজন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।৩ জুলাই হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে ও বহির্বিভাগে কর্তব্যরত কোনো চিকিৎসক দেখা যায়নি। এ ছাড়া উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমাতুজ্জোহুরা ছুটিতে থাকায় তাকেও পাওয়া যায়নি। এ সময় হাসপাতালে ভর্তি মহিলা ওয়ার্ডের রোগী বীরনগর গ্রামের রেবেকা (২৫) বলেন, ‘গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারি নাই। ডাক্তার দেখে পেসকিশন লেখে দিইচে, ওষুধ কিনবা পারি নাই। কাশি আর বুকের পাঁজরে ব্যথা নিয়ে হাসপাতালে পড়ে আছি তিন দিন থেকে। শুকুরবারে ভর্তি হইচি এখনো রোগের কিছু হয় নাই।’ পুরুষ ওয়ার্ডের রোগী সাড়ারপাড় গ্রামের নাছির উদ্দিন (৬০) বলেন, ‘অ্যাকসিডেন্ট করে আট দিন থেকে হাসপাতালে পড়ে আছি। গত রোববার (২৬ জুন) ভর্তি হইচি। ডাক্তার দিনের মধ্যে একবার আসে। রাতে ব্যথায় মরে গেলেও কোন ডাক্তার পাই না। পেসকিশন দিইচে, বাজার থেকে ওষুধ, ব্যান্ডেজ কিনেছি। ব্যথা ভাল হচেনা, খুব কষ্ট পাওচি।’মুঠোফোনে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমাতুজ্জোহুরা বলেন, ‘আমি ১৮ জুন থেকে অর্জিত ছুটিতে ঢাকায় আছি। হাসপাতাল সম্পর্কে কিছু বলতে পারব না।’ এ ব্যাপারে জয়পুরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, ‘পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে বিব্রতকর অবস্থায় আছি। ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বহু অভিযোগ এসেছে। একজন দক্ষ কর্মকর্তা নিয়োগের ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’