চিকিৎসক মাত্র দুজন, বিকল এক্স-রে, আলট্রাসনো যন্ত্র
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু চিকিৎসকের সংকটে মাত্র দুজন দিয়ে চলছে চিকিৎসাসেবা। তার ওপর এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইসিজির মতো যন্ত্র বিকল থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে এবং রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের জন্য এই ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই উপজেলায় প্রায় ৫ লাখ লোকের বাস। এই কমপ্লেক্সে ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ৪ জন। এই ৪ জনের মধ্যে ২ জন আবার প্রায়ই অনুপস্থিত থাকেন। তাই প্রতিদিন ২ জন চিকিৎসক দিয়ে চলে চিকিৎসাসেবা।
এ ছাড়া ২১ জন চিকিৎসকের মধ্যে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা। ১০ জন চিকিৎসকের মধ্যে দীর্ঘদিন ধরে ৯ জনের পদই শূন্য। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মিরাজ আলী থাকলেও তিনি সপ্তাহে রোববার ও মঙ্গলবার ঢাকা থেকে এখানে এসে চিকিৎসাসেবা দিয়ে থাকেন।
এদিকে ৫০ শয্যার হাসপাতাল হলেও বিছানা রয়েছে ৪০টি। সেই সঙ্গে ২০০৮ সালে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা (ইওসি) চালু হলেও কয়েক বছর পরই তা বন্ধ হয়ে যায়। ২০০৬-০৭ অর্থবছর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তায় মা ও নবজাতকের চিকিৎসাসেবা চালু করা হয়। বর্তমানে এই সেবা বন্ধ রয়েছে। ২০১৪ সাল থেকে গর্ভবতীদের অস্ত্রোপচার (সিজার) কার্যক্রম বন্ধ রয়েছে।
২০০৯ সালে স্বাস্থ্য বিভাগ থেকে ২২ লাখ টাকায় একটি ডিজিটাল এক্স-রে যন্ত্র স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হয়। ২০১৪ সালের জুলাই মাস থেকে এক্স-রে যন্ত্রটি বিকল হয়ে পড়ে আছে। এদিকে কেন্দ্রীয় ঔষধাগার থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ১৩ লাখ টাকার একটি এক্স-রে যন্ত্র স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হয়। সরবরাহের এক মাস পরই যন্ত্রটি বিকল হয়ে যায়। ১০ মাস ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইসিজি যন্ত্রটিও বিকল। এক মাস ধরে বিকল আলট্রাসনোগ্রাম যন্ত্রটি।
দুটি এক্স-রে ও একটি ইসিজি যন্ত্র মেরামতের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগে লিখিতভাবে কয়েক দফা জানানো হলেও তা মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রেজাউল হক (৫০) বলেন, হাসপাতালের এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় বাইরে থেকে ৩০০ টাকা দিয়ে এক্স-রে করাতে হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের রেডিওগ্রাফার মো. হাবিবুল্লাহ বলেন, এক্সরে যন্ত্র দুটি বিকল থাকায় অলস সময় কাটে। তিনি আরও বলেন, প্রতিদিন এক্স-রে করতে আসা লোকজন ফিরে যাচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মমতাজ উদ্দিন বলেন, দু-তিনজন চিকিৎসক দিয়ে চলছে এখানকার চিকিৎসাসেবা। চিকিৎসকের সংকট এবং তিনটি যন্ত্র বিকল থাকায় রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ রবিউল ইসলাম বলেন, চিকিৎসক যোগদানের পরই চলে যান। দীর্ঘদিন ধরে চিকিৎসকের সংকট থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিকল যন্ত্র তিনটি মেরামতের জন্য অধিদপ্তরে দফায় দফায় লিখিতভাবে অবগত করেও কোনো কাজ হয়নি।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ বলেন, ‘উপজেলার অর্ধেক বাসিন্দা নারী হলেও গাইনি ও নারী চিকিৎসক না থাকায় নারীরা চিকিৎসাসেবায় ঝুঁকিতে রয়েছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে নারী চিকিৎসক দেওয়া হোক।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে জানানো হবে।