চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে কর্মবিরতি
বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে লাঞ্ছনার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা বহির্বিভাগে কর্মবিরতি শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার থেকে এই কর্মবিরতি শুরু করেন তাঁরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত বুধবার এখানকার আবাসিক চিকিৎসক মামুনুর রশিদ ও হেডক্লার্ক নাসির উদ্দিনকে লাঞ্ছিত করার ঘটনায় গতকাল বিকেলে দুই ব্যক্তির বিরুদ্ধে শেরপুর থানায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেছুর রহমান লিখিতভাবে অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহকারী ঠিকাদার নূরে আলম (৩০) ও তাঁর বাবা মো. সাজু (৫২)। নূরে আলম জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও শেরপুর উপজেলা ছাত্রলীগের স্কুলবিষয়ক সাবেক সম্পাদক। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কর্মচারীর ওপর হামলার ঘটনায় গতকাল সেখানকার চিকিৎসক-কর্মচারীদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. মোখলেছুর রহমান। এ সভায় ইউএনও এ কে এম সরোয়ার জাহানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ ঘটনায় গতকাল প্রথম আলোয় ‘চিকিৎসক ও কর্মচারীকে লাঞ্ছনার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।