চিকিৎসক লাঞ্ছিত, প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতি
টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আতোয়ার রহমানকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাংসদের চাচাতো ভাই টয় ও তাঁর সঙ্গীরা মিলে গত রোববার রাত আটটার দিকে মুখতার ফোয়ারা চত্বরে মিতালী কমপ্লেক্সের দোতলায় ডেকে নিয়ে তাঁকে লাঞ্ছিত করেন বলে ওই চিকিৎসক অভিযোগ করেছেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কালো ব্যাচ ধারণ ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। ওই সময় হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।
আতোয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই রোববার রাত আটটার দিকে টয় ও তাঁর সঙ্গীরা আমাকে একটি মার্কেটের দোতলায় ডেকে নিয়ে হঠাৎ লাথি ও কিলঘুষি মারে।’
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা চিকিৎসক কামরুন্নাহার বলেন, আতোয়ার রহমানকে মারধর করার প্রতিবাদে সোমবার দুপুর ১২টা পর্যন্ত কালো ব্যাচ ধারণ ও কর্মবিরতি পালন করা হয়েছে। স্থানীয় সাংসদের ফুফাতো ভাই ও সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান শরীফ পান্না বলেন, সাংসদের পরিবার নিয়ে অশালীন কথা বলায় এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। টয়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।