চিকিৎসক শামারুখ হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হত্যার বিষয়ে কোনো আলামত না পাওয়ায় এ মামলার তিন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।
এই হত্যা মামলায় শামারুখের স্বামী হুমায়ুন সুলতান, শ্বশুর আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও শাশুড়ি জেসমিন আরা বেগমকে আসামি করা হয়েছিল।
মামলাটি তদন্ত করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সী রুহুল কুদ্দুস। তদন্ত শেষে তিনি গত ২৯ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাদীপক্ষ ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেছেন। ১৪ মে নারাজি আবেদন শুনানির দিন ধার্য করেছেন আদালত। হুমায়ূন সুলতান কারাগারে আটক আছেন। তাঁর বাবা-মা জামিনে আছেন।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, শামারুখ মৃত্যুর আগে নিজের হাতে ডায়েরি লিখে যান। ডায়েরির লেখা থেকে জানা যায়, তিনি বিষণ্নতায় ভুগছিলেন। এজাহারে বর্ণিত আসামি বা অন্য কেউ হত্যা করেছে, তদন্তকালে এ বিষয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। শামারুখের লেখায় তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। এ ছাড়া জানালার গ্রিলের উচ্চতা সাড়ে পাঁচ ফুট। সহজেই গ্রিলের রডের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করা সম্ভব।