বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা গতকাল বৃহস্পতিবারও হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে দিনভর বিক্ষোভ করেছেন। চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে সরকার সমর্থিত চিকিত্সকদের সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) দুই নেতার হাত ছিল—এমন অভিযোগে ওই দুজনকেও হাসপাতালে ঢুকতে দেননি কর্মচারীরা। এর প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ হাসপাতাল ও কলেজে মিছিল করলে কর্মচারীরা তাদের ওপর হামলা চালান। এতে কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী আহত হন।হামলার পর ছাত্র, চিকিত্সক ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত চিকিত্সক সংগ্রাম পরিষদ ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। চিকিত্সকেরা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরের অপসারণ এবং হামলায় জড়িত কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়াসহ পাঁচ দফা দাবি করেছেন। আর কর্মচারীরা নিয়োগপ্রক্রিয়ায় জড়িত দুই চিকিত্সকের বদলি ও নিয়োগ বাতিলের দাবি করেছেন। হাসপাতালের গতকালের চিত্র: গতকাল সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল খালেকের নেতৃত্বে দেড় শতাধিক কর্মচারী কাজ ফেলে তাঁদের মনোনীতদের নিয়োগ দিতে পরিচালকের দপ্তরের সামনে অবস্থান নেন। তাঁরা বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে দিনভর দফায় দফায় মিছিল করেন। এ সময় পুলিশের বিশেষ ইউনিট র্যাবসহ পুলিশ সদস্যরা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে সতর্ক অবস্থান নেন। একপর্যায়ে স্বাচিপ নেতা মনিলাল আইচ ও আবু ইউসুফ ফকির হাসপাতালের প্রশাসনিক ভবনে ঢোকার চেষ্টা করলে বিক্ষুব্ধ কর্মচারীরা তাঁদের বাধা দেন। বাধা পেয়ে তাঁরা ফিরে যান। সংশ্লিষ্টরা জানান, দুই চিকিত্সক হাসপাতালে ঢুকতে না পারায় বহির্বিভাগের রোগীর চিকিত্সাসেবায় ব্যাঘাত ঘটে। ওই দুই শিক্ষকের ওপর হামলা হয়েছে—এমন গুজব ঢাকা মেডিকেল কলেজে ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কর্মচারীদের শাস্তির দাবিতে মিছিল বের করেন। একপর্যায়ে ১৫-২০ জন নেতা-কর্মী হাসপাতালের পরিচালকের দপ্তরে ঢুকে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেন। তাঁদের সঙ্গে হাসপাতালের চিকিত্সকেরাও ছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে শুধু জরুরি বিভাগ চালু রেখে বাকি সব বিভাগ বন্ধ করে দেওয়ার হুমকি দেন ছাত্রলীগের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিচালকের দপ্তর থেকে ছাত্রলীগের কর্মীরা বেরিয়ে কলেজের নিচতলায় লিফটের সামনে অবস্থান নেন। এ সময় ইউনিয়নের নেতা আব্দুল খালেকের নেতৃত্বে কর্মচারীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। কর্মচারীরা নোটিশ বোর্ডের কাচ ভাঙচুর করেন। বিকেল চারটায় মিছিল করে বিক্ষুব্ধ কর্মচারীরা চলে যান।কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম প্রথম আলোকে বলেন, সাবেক ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ফয়জুল্লাহর বাসায় নিয়োগপত্র তৈরি করে কর্তৃপক্ষ তাঁদের পছন্দের লোকদের নিয়োগ দিয়েছেন। আর স্বাচিপের দুই চিকিত্সক মনিলাল আইচ ও আবু ইউসুফ ফকির নিয়োগপ্রক্রিয়ায় জড়িত ছিলেন। তাই অবৈধ নিয়োগ বাতিল ও ওই দুই চিকিত্সকের বদলি না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।স্বাচিপ নেতা মনিলাল আইচ প্রথম আলোকে বলেন, নিয়োগপ্রক্রিয়া কিংবা নিয়োগপত্র তৈরির সঙ্গে তিনি ও তাঁর সহকর্মী ইউসুফ ফকির জড়িত নন। তাঁরা নিয়োগ কমিটিরও কেউ নন। আর নিয়োগপত্রে তাঁদের দুজনের কারও সই নেই। কর্মচারীরা তাঁদের বিরুদ্ধে কল্পনাপ্রসূত ও মিথ্যা অভিযোগ এনেছেন। সংবাদ সম্মেলন: বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্র-চিকিত্সক সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মনিলাল আইচ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে শনিবার সকাল থেকে চিকিত্সকরা হাসপাতালে কাজে যোগ দেবেন না। তবে শুধু জরুরি চিকিত্সা দেওয়া হবে। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ওই দিন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন। সংবাদ সম্মেলনে চিকিত্সকদের কাজে বাধা দেওয়া ও তাঁদের যাঁরা শারীরিকভাবে আহত করেছেন, তাঁদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া, ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের ওপর হামলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, খালেকসহ চিকিত্সকদের ওপর হামলকারী কর্মচারী ও বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিয়োগপ্রক্রিয়া নিয়মতান্ত্রিক ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার দাবি জানানো হয়। আর হামলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হাসপাতালের পরিচালক বজলে কাদেরের অবিলম্বে অপসারণ দাবি করেন তাঁরা। পরিচালককে কারণ দর্শাও: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে সরকারি আদেশ অমান্য ও কর্তব্যে অবহেলার জন্য কারণ দর্শাতে বলেছে। ডিসেম্বরের শুরুতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের চাহিদাপত্র না পাঠানো এবং তাত্ক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) সহকারী পরিচালক ফয়জুল্লাহকে ছাড়পত্র না দিয়ে ভারপ্রাপ্ত উপপরিচালকের দায়িত্ব দেওয়ায় তাঁকে কারণ দর্শাতে বলা হয়। মন্ত্রণালয় পরিচালকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা ও উদাসীনতার অভিযোগ এনেছে। পরিচালককে সাত দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। ছাত্রকে পিটিয়ে আহত: ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র রাশেদুল আনোয়ারকে পিটিয়ে গুরুতর আহত করেছেন মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বুধবার রাতে এই হামলার পর গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রাশেদুলের বাসা আজিমপুরের চায়না বিল্ডিংয়ে। বুধবার রাত ১০টার দিকে দায়িত্ব পালন শেষে রাশেদুল সহপাঠী আহমেদুল কবীরকে নিয়ে হাসপাতাল থেকে বের হন। তাঁরা কলেজ চত্বরে পৌঁছালে ছাত্রলীগের কয়েজন নেতা-কর্মী লাঠি ও রড দিয়ে পিটিয়ে রাশেদুলকে জখম করেন। তাঁর মাথা ফেটে গেছে, বাঁ হাতের কবজি ও কনুই ভেঙে গেছে।