চিকিৎসক শেজাদী আপসার মৃত্যুর সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার কুমিল্লায় মানববন্ধন হয়েছে। জেলা বিএমএর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ওই মানববন্ধন হয়।
কর্মসূচিতে অংশ নেন বিএমএর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজের এনেসথেসিয়া বিভাগের প্রধান মহসিনুজ্জামান চৌধুরী, কুমিল্লা জেলা বিএমএর সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলীসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে নিহত চিকিৎসকের স্বামী সেনা কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলামকে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় চিকিৎসক সমাজ আরও কঠোর আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
গত ১৩ মে বিকেলে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের আবাসিক এলাকায় নীলিমা ভবনের তৃতীয় তলা থেকে চিকিৎসক শেজাদী আপসার লাশ উদ্ধার করা হয়।