হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের ২১টি পদের মধ্যে ১০টিই শূন্য। একজন রয়েছেন প্রেষণে। অন্য ১০ জনের মধ্যে গত বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন মাত্র দুজন। দুপুর সাড়ে ১২টা থেকে একটা পর্যন্ত সরেজমিনে তা দেখা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী শিশুরোগ বিশেষজ্ঞ আশ্রাফ উদ্দিন এক বছর ধরে জেলা সদর হাসপাতালে প্রেষণে কর্মরত। চিকিৎসক বিভাবরী দাস, তরুণ কান্তি পাল ও অদিতি রায় আছেন ছুটিতে। মো. ইকরাম প্রশিক্ষণে ঢাকায় অবস্থান করছেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ দেব নাথ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুখলাল সরকার ও চিকিৎসক মো. ফারুক তখন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। দন্ত চিকিৎসক মোজাম্মেল হক গিয়েছিলেন বাজারে। শুধু শারমিন রহমান ও কিশলয় সাহা নামের দুজন চিকিৎসা কর্মকর্তা রোগী দেখছিলেন। উপজেলার বাখরনগর গ্রামের গৃহবধূ সুফিয়া খাতুন প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ পান বেলা পৌনে একটার দিকে। নাম প্রকাশ না করার শর্তে, একাধিক রোগী অভিযোগ করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের বেশির ভাগ চিকিৎসক প্রায়ই অনুপস্থিত থাকেন। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের পোহাতে হয় সীমাহীন ভোগান্তি।স্বাস্থ্য কমপ্লেক্সের হারবাল সহকারী অলি আহমদ খান রোগীদের টোকেন দিচ্ছিলেন। তিনি জানান, পৌনে একটা পর্যন্ত ১৮২ জন রোগী তাঁর কাছ থেকে টোকেন নিয়েছেন। তাঁর সামনে তখন আরও ১৫-২০ জন রোগীর সারি ছিল। নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র জানায়, প্রতিদিন নারী ও শিশুসহ ২৫০ থেকে ৩০০ রোগী আসে। রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা কম থাকায় রোগীদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হয় এবং নানা ভোগান্তিতে পড়তে হয়।দন্ত চিকিৎসক মোজাম্মেল হক বলেন, ‘আমি হাসপাতালেই ছিলাম। ওই সময় জরুরি একটা কাজে বাজারে গিয়েছিলাম।’আরএমও সুখলাল মুঠোফোনে জানান, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের একটি প্রশিক্ষণ চলছে। তিনি প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ বলেন, ‘আমিও প্রশিক্ষণে আছি।’ চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা ছুটিতে নেই, তাঁরা সবাই চিকিৎসার দায়িত্বে রয়েছেন। তাঁদের মধ্যে যাঁরা প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, তাঁরা এক ঘণ্টা করে প্রশিক্ষণকেন্দ্রে থাকেন। অন্য সময় রোগী দেখেন।