কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ভোগান্তিতে পড়েছে রোগীরা।পাশাপাশি ওষুধের অভাব, জরাজীর্ণ ভবন, চিকিৎসা সরঞ্জামের সংকট, শয্যাস্বল্পতা, দুর্গন্ধযুক্ত পরিবেশ ও জেনারেটর না থাকাসহ বিভিন্ন কারণে স্বাস্থ্যসেবা বাধাগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩৭টি পদের মধ্যে ৪৯টি পদ শূন্য রয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ এই ৩১টি শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। সরেজমিনে দেখা যায়, ভবনের দরজা-জানালা ভাঙা। মূল ভবনটির বিভিন্ন অংশে রয়েছে ফাটল। অনেক স্থানে পলেস্তারা খসে পড়েছে। আবাসিক ভবনগুলোরও একই অবস্থা।কার্যালয় থেকে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১৬ জন চিকিৎসকের পদ থাকলেও কাগজে-কলমে কর্মরত রয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে একজন চিকিৎসক দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। বাকি চারজন পালা করে ছুটি কাটান।সেবিকার (নার্স) নয়টি পদের মধ্যে চারটিই শূন্য। তাই তাঁরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে পারছেন না। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য আলাদা কোনো ওয়ার্ড নেই।পাঁচ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে কমপ্লেক্সে ৫০ শয্যার নতুন একটি ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০০৮ সালের জুনে। ২০০৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভবনগুলো হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও পাঁচ বছরে ৭০ শতাংশ কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন চিকিৎসক জানান, প্রতিদিন গড়ে এ হাসপাতালে ৩৫০ জন রোগী চিকিৎসা নিতে আসে। রোগীদের অভিযোগ, রাতে জরুরি বিভাগে কোনো চিকিৎসক থাকেন না।বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা সোলেমান মিয়া, জমির মিয়া, জুলেখা, রুকসানা ও ইসরাইল মিয়া জানান, প্যারাসিটামল ও অ্যান্টাসিড ছাড়া হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হয় না। অভিযোগ রয়েছে, এখানে ভর্তি হওয়া রোগীদের সরবরাহ করা খাবারের মানও ভালো নয়। হাসপাতালের বিছানা, চাদর, মশারিগুলোও অপরিষ্কার।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এহসানুল হক হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও চিকিৎসক ও সেবিকা-সংকটসহ ওষুধের অভাবের কথা স্বীকার করেছেন।