চিকিৎসক সংকট চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন চিকিৎসকের বিপরীতে কাগজে-কলমে আছেন ১০ জন। তাঁদের মধ্যে দুজন প্রেষণে ও দুজন যোগদানের পরই ছুটি নিয়ে চলে যাওয়ায় চিকিৎসা দিচ্ছেন মাত্র ৬ জন। এ অবস্থায় পৌনে দুই লাখ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ফার্মাসিস্ট, প্যাথলজি ও এক্স-রে বিভাগের মেডিকেল টেকনোলজিস্টের ছয়টি পদও শূন্য। এতে এক্স-রে ও রোগনির্ণয় বন্ধ রয়েছে প্রায় এক যুগ ধরে। ১০ বছর ঢিমেতালে চললেও সাড়ে ৮ মাস ধরে প্যাথলজি বিভাগও বন্ধ হয়ে গেছে। ফার্মাসিস্ট বিভাগে কেউ না থাকায় বহির্বিভাগে ওষুধ বিতরণ চলছে অন্য বিভাগের জনবল দিয়ে। সেবিকার আটটি পদও শূন্য। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের শূন্য পদ ২১টি। অবেদনবিদ ও অস্ত্রোপচারকারী চিকিৎসক না থাকায় প্রায় চার বছর ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এতে ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেঙে পড়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গাইনি বিশেষজ্ঞ শাহনাজ পারভীন গত বছরের ২৩ ডিসেম্বর ও শিশু বিশেষজ্ঞ লাইলী আরজুমান বানু গত ১৮ ফেব্রুয়ারি যোগদানের পর থেকেই অনুপস্থিত। দুজন চিকিৎসক দীর্ঘদিন ধরে বরগুনা জেনারেল হাসপাতালে প্রেষণে রয়েছেন। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ চন্দ্রও প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এতে চিকিৎসাসেবাসহ প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে। সাতটি ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার সবকটি পদও শূন্য দীর্ঘদিন ধরে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রমেশ চন্দ্র বলেন, ‘চিকিৎসকসহ জনবল না থাকায় সংকট চরম আকার ধারণ করেছে। অবস্থা এমন যে শুধু হাসপাতাল পরিচ্ছন্ন রাখতেই হিমশিম খেতে হচ্ছে। আমার কর্মস্থলে না থাকার অভিযোগ সত্য নয়। আমাকে অনেক সময় অফিসের কাজে বাইরে থাকতে হয়।’

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আনোয়ার উল্লাহ নামের একজন চিকিৎসক বহির্বিভাগে রোগী দেখছেন। এ সময় তিনি বলেন, ‘আজকে রোগীর যে চাপ তা দুজন চিকিৎসকের পক্ষেও সামলানো প্রায় অসম্ভব।’ স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে গিয়ে দেখা যায় তিনি আসেননি। আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) আরিফুর রহমানও সকালে এসে চলে গেছেন। বেলা একটার দিকে ফোন করা হলে তিনি ধরেননি। স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে কথা হয় চরলাঠিমারা গ্রামের মর্জিনা বেগম নামের এক গৃহবধূর সঙ্গে। তিনি বলেন, ‘প্রায়ই এ হাসপাতালে ডাক্তার থাকেন না। আজও ডাক্তার না পেয়ে টাকা দিয়ে বাইরে দেখিয়েছি।’

পাথরঘাটা পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মুনিরা ইয়াসমিন বলেন, গাইনি ও শিশু বিশেষজ্ঞসহ হাসপাতালে চিকিৎসকসংকট দীর্ঘদিনের। এ কারণে চিকিৎসা কার্যাক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে।

জেলা সিভিল সার্জন রুস্তম আলী বলেন, ‘হাসপাতালটি পরিদর্শন করেছি। চিকিৎসকসংকটসহ পুরো বিষয় অবগত রয়েছি। সমস্যাগুলো বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কাজ কিছুই হয়নি। বরং গাইনি ও শিশু বিশেষজ্ঞ দুজন চিকিৎসক যোগদান করে ছুটি নিয়ে চলে গেছেন।’