চিকিৎসক সংকটে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এখানে কর্মকর্তা-কর্মচারীও প্রয়োজনের তুলনায় অনেক কম। এতে হাসপাতালের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে। তাই এখানে প্রতিদিন দাউদকান্দি ছাড়াও পাশের তিতাস, চান্দিনা, মেঘনা, হোমনা ও মুরাদনগর উপজেলার লোকজন এ হাসপাতালে চিকিৎসা নিতে আসে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৩১ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের নয়টি পদ রয়েছে। এর মধ্যে একজন মেডিসিন ও একজন সার্জারি কনসালট্যান্ট এবং একজন মেডিকেল অফিসারের পদ শূন্য। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত আরএমও জামাল উদ্দিন চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণে, চিকিৎসা কর্মকর্তা শাহনাজ ইসলাম মাতৃত্বকালীন ছুটিতে ও ডেন্টাল সার্জন সিলভিয়া কবির অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ১৫ দিন ধরে অনুপস্থিত। তা ছাড়া তিনজন অফিস সহকারী, একজন করে পরিসংখ্যানবিদ, ভান্ডার রক্ষক, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, সহকারী মশালচি ও দারোয়ানের পদও শূন্য রয়েছে।
গতকাল সকাল সাড়ে আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে দেখা যায়, বহির্বিভাগের সামনে শতাধিক রোগী লাইনে দাঁড়িয়ে আছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ আলম মোল্লা নিজ কার্যালয়ে রোগী দেখছেন। বহির্বিভাগে রয়েছেন চিকিৎসা কর্মকর্তা সরফরাজ হোসেন খান, গোলাম মাহবুব শিকদার, চিকিৎসা সহকারী মিতা তালুকদার ও ডেন্টাল টেকনোলজিস্ট জয়নাল আবেদীন। চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হাসান জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা দিতে দিতে হাঁপিয়ে উঠছেন।
গতকাল বহির্বিভাগে ৩৩৯ জন ও জরুরি বিভাগে ৫৫ জন রোগী চিকিৎসা নেন। অন্তর্বিভাগে ভর্তি ছিলেন ৩৯ জন। চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিকিৎসা কর্মকর্তা গোলাম মাহবুব ও শহীদনগর ট্রমা সেন্টারের চিকিৎসক মাহমুদুল হাসানকে এখানে আনা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা তিতাস উপজেলার মজিদপুর গ্রামের শাহিনুর আক্তার, চান্দিনার তেগলা গ্রামের সফিউল্লাহ ও দাউদকান্দির বীরবাগ গোয়ালী গ্রামের ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪০) বলেন, বহির্বিভাগে রোগীর চাপ বেশি। তাই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর চিকিৎকের সামনে গেলে রোগের বর্ণনা শোনার আগেই তিনি বিদায় করার চেষ্টা করেন। এ সুযোগে দালালরা রোগীদের অন্যত্র নেওয়ার চেষ্টা করেন। জরুরি ও অন্যান্য বিভাগে একই অবস্থা।
চিকিৎসা কর্মকর্তা সরফরাজ হোসেন খান বলেন, ‘এ হাসপাতালে জরুরি বিভাগ ও রোগী ভর্তির জন্য ২৪ ঘণ্টায় কমপক্ষে তিনজন, বহির্বিভাগের জন্য কমপক্ষে ছয়জন, অস্ত্রোপচারের জন্য কমপক্ষে চারজন চিকিৎসকের প্রয়োজন। কিন্তু চিকিৎসক না থাকায় বর্তমানে মাত্র দুজন চিকিৎসককে হাসপাতাল চালাতে হচ্ছে। হাসপাতালটি মহাসড়কের পাশে হওয়ায় ২৪ ঘণ্টাই রোগী আসে। এ অবস্থায় চিকিৎসা দিতে গিয়ে আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম মোল্লা বলেন, তিনি প্রতি মাসেই চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সংকটের বিষয়ে চিঠি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানাচ্ছেন।