নাটোর আধুনিক সদর হাসপাতালে গতকাল বৃহস্পতিবার দুজন রোগী মারা গেছেন। রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসা না পেয়েই তাঁরা মারা গেছেন। জানা গেছে, জেলা সিভিল সার্জনের সঙ্গে ও হাসপাতালের দুই আবাসিক চিকিৎসকের দ্বন্দ্বের কারণে তাঁদের তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করায় হাসপাতালে চরম চিকিৎসক সংকটের সৃষ্টি হয়েছে। এতে করে চিকিৎসা পাচ্ছেন না রোগীরা।নাটোর জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম অসুস্থ হয়ে আধুনিক সদর হাসপাতালে আসেন গতকাল দুপুর পৌনে তিনটার দিকে। কিন্তু জরুরি বিভাগে তখন কোনো চিকিৎসক ছিলেন না। বিভাগের কর্মচারীরা তাঁকে ভর্তি করে দুই নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেন। নিরুপায় হয়ে তাঁর আত্মীয়স্বজন অন্য হাসপাতালের একজন চিকিৎসককে ডেকে নিয়ে আসেন। ওই চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিরাজুল ইসলাম হাসপাতাল ছেড়ে অন্য হাসপাতালে চলে যান।জরুরি বিভাগ চিকিৎসকশূন্য হয়ে পড়ায় বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার নশরতপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শহিদুল হককে ডেকে নিয়ে জরুরি বিভাগে বসানো হয়। কিন্তু তিনি সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে চলে যান।সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখা যায়, দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী খলিলুর রহমান (৪৫) মারা গেছেন। তাঁর মরদেহের পাশে বসে বিলাপ করছেন তাঁর স্ত্রী করিমন বেগম ও শ্যালক ফয়জুল ইসলাম।করিমন বেগম প্রথম আলোকে জানান, তাঁদের বাড়ি সিংড়া উপজেলার পশ্চিম বাঁশবাড়িয়া গ্রামে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তিনি অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালে আসেন। কিন্তু জরুরি বিভাগে দীর্ঘ সময় ফেলে রাখার পর একজন চিকিৎসক রোগীকে ভর্তি করে নেন। এরপর বাইরে থেকে ইসিজি করিয়ে এনে জানতে পারেন তাঁর স্বামীর বুকে সমস্যা। তখন নার্স একটা স্যালাইন দেন। কিন্তু এরপর কোনো চিকিৎসক আর রোগীর পাশে আসেননি। দুপুর পৌনে তিনটার দিকে তাঁর স্বামী মারা যান।করিমন বেগম বলেন, ‘কোনো চিকিৎসাই হলো না। আগে জানলে স্বামীকে হাসপাতালে আনতাম না।’এর কিছু সময় আগে একই ওয়ার্ডের সাব্বার আলী নামের এক রোগীর মৃত্যু হয়। তিনি রক্তশূন্যতায় ভুগছিলেন। তাঁর স্বজনেরাও অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি করার পর রোগীকে রক্তই দেওয়া হয়নি। যথাযথ চিকিৎসা না পেয়ে তিনি মারা গেছেন।এ সময় হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক খলিলুর রহমানকে হাসপাতালে খুঁজে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে কথা বলে জানা যায়, রোগী মারা যাওয়ার বিষয়টি তিনি জানেন না। তবে চিকিৎসক না থাকার বিষয়টি স্বীকার করে জানান, এ মুহূর্তে হাসপাতালের ৩১ জন চিকিৎসকের মধ্যে ২০ জনই নাই। বিশেষ করে জরুরি বিভাগে চিকিৎসকের খুবই সংকট।খলিলুর রহমান জানান, হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সিভিল সার্জন আবদুল বাতেনের সঙ্গে হাসপাতালের দুই আবাসিক চিকিৎসকের দ্বন্দ্ব চলছিল। এ কারণে চলতি মাসের ৫ তারিখে আবাসিক চিকিৎসক (প্রশাসনিক) আসাদুজ্জামান ও ২০ তারিখে আবাসিক চিকিৎসক (চিকিৎসা) আবদুল গণিকে এবং গতকাল (বৃহস্পতিবার) সিভিল সার্জনকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। এ জন্যই চিকিৎসক সংকট আরও বেড়েছে। জরুরি ভিত্তিতে চিকিৎসক দেওয়া না হলে হাসপাতাল চালানো মুশকিল হয়ে পড়বে।হাসপাতালের পরিস্থিতি জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন আবদুল বাতেনকে গতকাল দুপুর থেকে কয়েক দফা ফোন করেও পাওয়া যায়নি। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মুঠোফোন বন্ধ ছিল।