চিকিৎসক-সংকটে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক নেই ডায়ালাইসিস বিভাগে। জনবল না থাকায় চালু করা যাচ্ছে না নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। অবেদনবিদের অভাবে অস্ত্রোপচারের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসকের পদ আছে ৫২টি। এর মধ্যে ১৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এগুলো হচ্ছে সহকারী পরিচালক, জ্যেষ্ঠ বিশেষজ্ঞ (চর্ম ও যৌন), জ্যেষ্ঠ বিশেষজ্ঞ (শিশু), জ্যেষ্ঠ বিশেষজ্ঞ (মেডিসিন), কনিষ্ঠ বিশেষজ্ঞ (অ্যানেসথেসিয়া), কনিষ্ঠ বিশেষজ্ঞ (চক্ষু), কনিষ্ঠ বিশেষজ্ঞ (রেডিওলজি), প্যাথলজিস্ট, রেডিওলজিস্ট, অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট) তিনটি, রেজিস্টার/সহকারী রেজিস্টার চারটি, জরুরি চিকিৎসা কর্মকর্তার (ইএমও) একটি এবং চিকিৎসা কর্মকর্তার (এমও) দুটি পদ। প্রতিদিন বহির্বিভাগে ৭০০ থেকে ৮০০ রোগী আসেন। অন্তর্বিভাগে প্রায় ৩০০ রোগী ভর্তি থাকেন। ২০১২ সালের ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫০ শয্যার হাসপাতালে স্বাভাবিক চিকিৎসাসেবা দিতে হলে মেডিকেল কলেজের অবকাঠামো অনুযায়ী চিকিৎসকের ৭০টির বেশি পদ সৃষ্টি এবং পদায়ন প্রয়োজন। এ রকম একটি প্রস্তাব ২৫০ শয্যার হাসপাতালগুলোর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয়সংখ্যক অবেদনবিদ না থাকায় অনেক সময় অস্ত্রোপচারের অনেক রোগীকে ফিরিয়ে দিতে হচ্ছে। এ কারণে প্রতিদিন ছয়জনের বেশি রোগীর অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না। এতে ছোটবড় অস্ত্রোপচার, প্রসূতির অস্ত্রোপচার এবং গর্ভপাতজনিত জটিলতা (ডিএনসি) সেবা দেওয়া যাচ্ছে না। এখানে অবেদনবিদের পাঁচটি পদের মধ্যে চারটিই শূন্য।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, এখানে রেডিওলজি ও সনোলজি বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। অন্যান্য বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত বিকল্প লোক দিয়ে এই বিভাগের কাজ চালানো হচ্ছে। এতে যে বিভাগের লোক দিয়ে কাজ করানো হচ্ছে, সেই বিভাগের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। স্থায়ী লোক না থাকায় প্রয়োজনমতো কাজ করানো যাচ্ছে না। অপরদিকে কক্ষ নির্ধারণসহ হাসপাতাল কর্তৃপক্ষের দিক থেকে সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও প্রশিক্ষিত জনবল না থাকার কারণে আইসিইউ চালু করা যাচ্ছে না।
হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে আটটি ডায়ালাইসিস যন্ত্র, একজন চিকিৎসা কর্মকর্তা, সাতজন নার্স এবং দুজন টেকনিশিয়ান আছেন। কিন্তু ডায়ালাইসিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরোলজি বিশেষজ্ঞের পদই হাসপাতালে নেই। ডায়ালাইসিসের রোগী নিয়ে কোনো সমস্যা হলে করণীয় কী হবে—এই বিষয়ে ঝুঁকির দিকটি বিবেচনা করে বিভাগটি পুরোদমে চালু করা যাচ্ছে না। ডায়ালাইসিসের নিয়মিত কার্যক্রম শুরু হলে মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেটের দক্ষিণাঞ্চলের কিডনি রোগীরা স্বল্প খরচে এখানে উন্নত সেবা পাবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক হরিপদ রায় বলেন, চিকিৎসকের অপ্রতুলতার কারণে অনেক সময় সঠিক সেবা দেওয়া যায় না। অ্যানেসথেসিস্টের জন্য অপারেশনের সংখ্যা বাড়াতে পারছি না। একজন অ্যানেসথেসিস্ট দিয়ে ছয়টির বেশি অপারেশন সম্ভব হয় না। বাকি রোগীদের অন্যত্র রেফার করতে হচ্ছে। চিকিৎসক-সংকটের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।