তীব্র চিকিৎসক-সংকটের কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। চিকিৎসক-সংকটের কারণে হাসপাতালটি ঠিকভাবে চলছে না। গত বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরে রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের পরিচালক আবু বক্কর সিদ্দিক এসব কথা বলেন।তিনি জানান, সংকট নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিন দফা প্রতিনিধিদল পাঠানো হয়েছে। অনেক চিঠি লেখা হয়েছে। যে দু-একজন চিকিৎসককে পোস্টিং দিয়ে পাঠানো হচ্ছে, তাঁরা থাকছেন না। চিকিৎসক-সংকট মেটাতে না পারলে জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএইচস্টেপের কারিগরি উপদেষ্টা ও দিনাজপুর মেডিকেল কলেজের প্রসূতি এবং গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ফয়সল আলম। বক্তব্য দেন দিনাজপুরের সিভিল সার্জন মওদুদ হোসেন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দিদারুল ইসলাম।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আরএইচস্টেপের কোষাধক্ষ্য মিজানুর রহমান ভূঁইয়া।