শল্য ও অবেদনবিদ না থাকায় জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় বছর ধরে বড় ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। পাশাপাশি এখানে চিকিৎসকের সংকটও প্রকট। এ কারণে অনেক সময় চিকিৎসা সহকারীরাই রোগী দেখেন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই দুটিই নয়, ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ২৫টি পদের মধ্যে ২৩টি শূন্য রয়েছে। এগুলোর মধ্যে চক্ষু, নাক, কান ও গলা, হূদেরাগ, শিশুরোগ বিশেষজ্ঞ, চিকিৎসা কর্মকর্তা ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদও আছে। এখন এখানে মাত্র তিনজন চিকিৎসক কর্মরত আছেন। তাঁরা হলেন: স্ত্রীরোগ বিশেষজ্ঞ শাহজাহান আলী, চিকিৎসা কর্মকর্তা আবু হোসেন মণ্ডল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুল আহসান তালুকদার।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুল আহসানকে সার্বক্ষণিক প্রশাসনিক কাজ আর জেলা-উপজেলায় জরুরি সভা-সেমিনারে ব্যস্ত থাকতে হয়। আবু হোসেন মণ্ডল আবাসিক চিকিৎসা কর্মকর্তার দায়িত্বে থাকায় দিনরাত তাঁকে আন্তবিভাগ সামলাতেই হিমশিম খেতে হয়। ফলে, বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা সহকারীরাই সেবা দেন।রোববার বেলা পৌনে একটায় সরেজমিনে দেখা গেছে, জরুরি বিভাগে রোগীদের প্রচণ্ড ভিড়। সেখানে রোগী দেখছেন চিকিৎসা সহকারী আবদুল মালেক। চিকিৎসা নিতে আসা ছারভান বেগম বলেন, ‘বুকত বেদনার জন্যি ডাক্তারের কাছে আসিছিলাম। কোনো ডাক্তারের দেখা নাই। ডাক্তারের সহকারীই সমস্যা শুনে ওষুধ লিখে দিল।’কর্তব্যরত চিকিৎসা সহকারী আবদুল মালেক বলেন, ‘চিকিৎসক নেই, তাই কর্তৃপক্ষের নির্দেশে আমাদেরই রোগী দেখতে হচ্ছে।’স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ৫০ শয্যায় উন্নীত করার পর হাসপাতালটিতে অত্যাধুনিক তিনটি অস্ত্রোপচার কক্ষ স্থাপন এবং এখানে দামি যন্ত্রপাতি সরবরাহ করা হয়।সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় অস্ত্রোপচার কক্ষে জমেছে ধুলাবালুর আস্তরণ। মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এক্স-রে মেশিনটিও কয়েক মাস ধরে অকেজো অবস্থায় পড়ে আছে।আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু হোসেন বলেন, ‘অস্ত্রোপচার কার্যক্রম চালু না হওয়ায় অপারেশন থিয়েটার কক্ষ ও অস্ত্রোপচারের যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহার করা হয় না। ব্যবহার না হলে এগুলো বিকল হতেই পারে। তবে মাঝেমধ্যে এসব কক্ষ খুলে ধুলাবালু পরিষ্কার করা হয়।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুল আহসান বলেন ‘চিকিৎসক-সংকটের কারণে আমাকে এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে বহির্বিভাগে রোগী দেখতে হচ্ছে। অস্ত্রোপচার কার্যক্রম চালু করার জন্য সার্বিক চেষ্টা চালানো হচ্ছে।’সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, ‘কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার কার্যক্রম চালু করার ব্যাপারে সদিচ্ছার কোনো অভাব নেই। কিন্তু শৈল্যচিকিৎসক ও অবেদনবিদের অভাবে তা চালু করা সম্ভব হচ্ছে না।’