চিকিৎসক-সংকটে জোড়াতালির সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ৫০ শয্যার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য চিকিৎসক-সংকট প্রকট আকার ধারণ করেছে। ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী এখানে ২০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র পাঁচজন। এর মধ্যে দীর্ঘদিন ধরে স্ত্রীরোগ, অবেদনবিদ বিশেষজ্ঞ ও আবাসিক চিকিৎসক নেই। যাঁরা আছেন, তাঁরাও সঠিকভাবে দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এখন চিকিৎসক ও জনবল-সংকট এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে পূর্ণাঙ্গভাবে ৫০ শয্যার কার্যক্রম চালানো যাচ্ছে না। ৩১ শয্যার পাঁচজন চিকিৎসক দিয়ে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে সেবা কার্যক্রম।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী চিকিৎসক তো নিয়োগ দেওয়া হয়নি, বরং আগের ৩১ শয্যার নয়জন চিকিৎসকের মধ্যে ছয়জনই নেই। ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে চিকিৎসক এনে কাজ চালাতে হচ্ছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটি ছয় বছর ধরে বিকল পড়ে আছে। ৩১ শয্যার চিকিৎসকদের মধ্যে আবাসিক চিকিৎসা কর্মকর্তা পদটি ১০ বছর ও জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) লাইলুন নাহার ১০ বছর ও ডেন্টাল সার্জন তানভীর সিদ্দিকী পাঁচ বছর ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে আছেন। এ ছাড়া চিকিৎসা কর্মকর্তা ফাইমুল ইসলাম প্রায় এক বছর ধরে কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেষণে ও গোলাম মোর্শেদ ১০ মাস আগে বদলি হয়েছেন।বর্তমানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহ মোজাহিদুল ইসলাম প্রশাসনিক দায়িত্বে রয়েছেন। জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) মাহমুদ হাসান, জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) আবদুল খালেক, ছাওলা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুমন কুমার বণিক ও তাম্বুলপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক রেজাউল করিম রোগীদের সেবা দিচ্ছেন। রেজাউল করিম ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।গত বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত কর্মকর্তা রেজাউল আলম জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসেননি আর রেজাউল করিম সকালে রোগী দেখে দাওয়াত খেতে গেছেন। বেশ কয়েকজন রোগী অন্তর্বিভাগে ভর্তি রয়েছে। তাদের মধ্যে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সমঞ্চান দ্বিতীয় বর্ষের ছাত্র আমিনুল ইসলাম (২২) বৃহস্পতিবার সকালে পেটের ব্যথায় ভর্তি হন। কিন্তু তাঁকে দেখার মতো কোনো চিকিৎসককে দেখা যায়নি।উপজেলার অন্নদানগর ইউনিয়নের পেটভাতা গ্রামের মোন্নাফ মিয়া (৩০) ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে ১৮ আগস্ট রাতে এখানে ভর্তি হন। কিন্তু তিনি ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। তাঁকে দেখতে প্রতিবেশী খন্দকার আবুল হাসনাত ১৯ আগস্ট (ঈদের আগের দিন) বেলা ১১টায় হাসপাতালে যান। সেখানে গিয়ে তিনি কোনো চিকিৎসককে দেখতে পাননি।উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা শাহ মোজাহিদুল ইসলাম চিকিৎসক ও জনবল-সংকটের কথা স্বীকার করে জানান, বর্তমানে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের দুজনসহ চারজন চিকিৎসক দিয়ে জোড়াতালির মাধ্যমে এখানকার কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসকদের দায়িত্বে অবহেলার বিষয়টি তিনি অস্বীকার করেন।সিভিল সার্জন রিয়াজুল ইসলাম জানান, পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগ দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।