চিকিৎসক সংকটে ঝালকাঠির মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না
চিকিৎসক ও জনবল সংকটে ঝালকাঠির চার উপজেলার দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সিভিল সার্জনসহ চিকিৎসকদের মঞ্জুরীকৃত ১০২টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪৮ জন। এর মধ্যে আবার ১৯ জনকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে না যাওয়ার অভিযোগ রয়েছে।ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চার উপজেলায় বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা ৫৬টি। এতে চিকিৎসকের ১০২টি পদ এবং নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীসহ মোট কর্মকর্তা-কর্মচারীর মঞ্জুরীকৃত পদ ৬৭১টি। বর্তমানে কর্মরত আছেন ৫৩৬ জন। ১৩৫টি বিভিন্ন ধরনের পদ শূন্য। এর মধ্যে চিকিৎসকের ৫৪টি পদই শূন্য। দ্বিতীয় শ্রেণীর তিনটি পদের মধ্যে দুটিই শূন্য। নার্স ও চিকিৎসা সহকারীসহ তৃতীয় শ্রেণীর কর্মচারীর মোট পদ ৪৪৭টি, যার মধ্যে শূন্য ৬২টি। চতুর্থ শ্রেণীর পদ ১১৬টি, যার মধ্যে ১৪টি পদই শূন্য।ঝালকাঠি সদর হাসপাতাল কার্যালয় সূত্রে জানা গেছে, ৫০ শয্যার ঝালকাঠি সদর হাসপাতালকে ২০০৩ সালে স্বাস্থ্য অধিদপ্তর অবকাঠামো ও জনবল ঠিক রেখে ১০০ শয্যায় উন্নীত করে। ৫০ শয্যার হাসপাতাল হিসেবে এখানে ২৩ জন চিকিৎসকের পদে বর্তমানে কর্মরত আছেন ১২ জন। ১০০ শয্যার জনবল নিয়োগ না দেওয়ায় এমনিতেই এখানকার চিকিৎসকদের দিগুণ দায়িত্ব পালন করতে হচ্ছে। দীর্ঘদিন শূন্য রয়েছে গুরুত্বপূর্ণ মেডিসন, শিশু ও কার্ডিওলজি বিষয়ে কনসালট্যান্ট পদ। কার্ডিওলজি ও শিশু বিষয়ে কনসালট্যান্ট নেই পাঁচ বছর।ঝালকাঠি সদর হাসপাতালের প্রধান সহকারী মো. মতিয়ার রহমান জানান, চিকিৎসক-স্বল্পতার পরই হাসপাতালের প্রধান সমস্যা সুইপার ও ঝাড়ুদারের সংকট। এই হাসপাতালে ১৬ জন ঝাড়ুদার ও সুইপারের প্রয়োজন হলেও কর্মরত আছে মাত্র চারজন।ঝালকাঠির সচেতন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হেমায়েত উদ্দিন প্রথম আলোকে বলেন, ঝাড়ুদার ও সুইপার না থাকায় হাসপাতালের বাথরুমগুলো প্রায়ই ময়লা-আবর্জনায় ভরে থাকে। কর্তৃপক্ষের উচিত সুইপার ও ঝাড়ুদারের পদ বৃদ্ধি করা। বিনা মূল্যে রক্তদাতাদের সংগঠন ‘স্বাধীন’-এর সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসার করুণদশার কারণে জেলা-উপজেলায় গড়ে উঠেছে নামসর্বস্ব ক্লিনিক। এসব ক্লিনিকেও রোগীরা নানা প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। ৩১ শয্যাবিশিষ্ট নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০৩ সালে ৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক ও কর্মচারীদের পদ বাড়ানো হয়নি। গত সাত বছরে এর অবকাঠামো নির্মাণকাজ শেষ হয়নি। বর্তমানে ২১ জন চিকিৎসকের জায়গায় দায়িত্ব পালন করছেন মাত্র আটজন। ৩১ শয্যার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। নতুন অবকাঠামো নির্মিত হলেও জনবল সেই ৩১ শয্যার। এখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ নয়টি চিকিৎসকের পদে কর্মরত আছেন মাত্র তিনজন। এর মধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। মাত্র দুজন চিকিৎসা কর্মকর্তা দিয়ে চলছে কাঁঠালিয়ার মানুষের স্বাস্থ্যসেবা। চিকিৎসকের নয়টি পদের মধ্যে সাতটিই শূন্য।ঝালকাঠির সিভিল সার্জন ও সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মুহম্মদ আছাদউজ্জামান বলেন, চিকিৎসক-স্বল্পতার কারণে কর্মরত চিকিৎসকদের দ্বিগুণ কাজ করতে হচ্ছে। তার পরও জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসকদের শূন্যপদ পূরণের জন্য প্রতি মাসেই স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হচ্ছে।