চিকিৎসক-সংকটে ধুঁকছে হাওরপারের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক ও সেবিকা-সংকটের কারণে হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলায় সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেঙে পড়েছে। কোনো কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে একজন চিকিৎসক ও একজন সেবিকা দিয়ে।জানা গেছে, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ২৫২টি চিকিৎসকের পদ আছে। এর মধ্যে ১৬৫টিই শূন্য। ১৫১ জন সেবিকা থাকার কথা থাকলেও ১১১ জনই নেই।সুনামগঞ্জ টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি পরিমল কান্তি দে জানান, জেলার স্বাস্থ্যসেবার এই চিত্র দীর্ঘদিনের। এটি হাওর এলাকা বলে সমস্যা যেন আরও বেশি। সরকার এ ব্যাপারে বিশেষ পরিকল্পনা না নিলে এই চিত্র সহজে বদলাবে না।২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাতের ব্যথায় আধঘণ্টা ধরে কাতরাচ্ছেন এক তরুণ। ছেলের আহাজারি শুনে এদিক-সেদিক ছোটাছুটি করছেন মা। কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছেন না। কোনো চিকিৎসক, সেবিকা নেই। বহির্বিভাগে রোগী দেখছেন একজন চিকিৎসা সহকারী। পুরুষ ও নারী ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ—সবকিছুই সামাল দিচ্ছেন এই স্বাস্থ্য সহকারী।জানা গেছে, বিশ্বম্ভরপুরের দেড় লাখ মানুষ স্বাস্থ্যসেবার জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সটির ওপর নির্ভর করে। অথচ এখানে মাত্র একজন চিকিৎসক আছেন। থাকার কথা ১৪ জন। যিনি আছেন, তিনিও নানা দাপ্তরিক কাজে জেলা শহর দৌড়াদৌড়ি বা প্রশিক্ষণে ব্যস্ত থাকেন। ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন ১৫০ থেকে ২০০ রোগী আসে। সবই সামলান ওই চিকিৎসা সহকারী। এখানে নয়জন সেবিকার মধ্যে আছেন একজন।স্বাস্থ্য কমপ্লেক্সটির এক কর্মচারী বললেন, ‘এলাকাবাসী সমস্যা বুঝেই এখানে আসে। না হলে বাড়ি থেকেই সুনামগঞ্জ বা সিলেটে যাওয়ার প্রস্তুতি নেয়। এখানে এসে সময় নষ্ট করে কোনো সেবা পাবে না—এটা তারা বুঝে গেছে।’বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিউল আলম বলেন, ‘আমি যেখানেই সুযোগ পাই বিষয়টি নিয়ে কথা বলি। ডাক্তার-নার্স না থাকলে মানুষ তো সেবা পাবেই না।’জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের পদ আছে ৫৯টি। এর মধ্যে কর্মরত আছেন নয়জন। জরুরি বিভাগের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা। কিন্তু সব পদই শূন্য। সেবিকা ৫৯ জনের মধ্যে আছেন ১২ জন। এখানে প্রতিদিন বহির্বিভাগে ৩০০ থেকে ৪০০ রোগী আসে। এসব রোগীকে সেবা দেন চিকিৎসা সহকারীরা। এই সহকারীরাই চালান জরুরি বিভাগ।জানা গেছে, জেলার তাহিরপুর উপজেলায় চিকিৎসক থাকার কথা ১১ জন। এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে আছেন দুজন। অবশ্য সম্প্রতি সেখানে তিনজন চিকিৎসককে বদলি করা হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে ১৪ জন চিকিৎসকের স্থলে দুজন, দোয়ারাবাজারে ১৬ জনের মধ্যে চার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৯ জনের মধ্যে সাত, জামালগঞ্জে ১৩ জনের মধ্যে সাত, ধরমপাশায় ২০ জনের মধ্যে ছয়, দিরাই উপজেলায় ১৬ জনের মধ্যে আট, শাল্লায় ১৩ জনের মধ্যে সাত, জগন্নাথপুরে ২৯ জনের মধ্যে ১২, ছাতকে ২৪ জনের মধ্যে ১৯ এবং সদর উপজেলায় ১১ জনের মধ্যে সাতজন কর্মরত আছেন।বিশ্বম্ভরপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা স্বপন কুমার বর্মণ বলেন, ‘যাদের টাকা আছে, তারা জেলা শহরে গিয়ে ক্লিনিকে চিকিৎসা নিতে পারে। সমস্যা হচ্ছে গরিব মানুষদের নিয়ে। এসব সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া তাদের আর যাওয়ার জায়গা নেই।’সুনামগঞ্জের সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী বলেন, ‘আমরা প্রতি মাসের প্রতিবেদনেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে থাকি। মূলত এই সংকটের কারণেই জেলার মানুষকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া যাচ্ছে না।’