সুনামগঞ্জ সদর আধুনিক হাসপাতালে জনবলসংকট চলছে। চিকিৎসকসহ বিভিন্ন পদে ৫৯ জন থাকার কথা, কিন্তু আছেন মাত্র ১৮ জন। গাইনি বিভাগে চিকিৎসক না থাকায় পাঁচ মাস ধরে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার বন্ধ। শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি রোগী ভর্তি আছে।
প্রশাসন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে চালু হওয়া ৫০ শয্যার এই হাসপাতাল ২০০৯ সালে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এখানে ১০০ শয্যার লোকবলও নেই। হাসপাতালে প্রতিদিন ২০০ জনের বেশি রোগী ভর্তি থাকে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে আরও পাঁচ শতাধিক মানুষ।
হাসপাতালে বর্তমানে চিকিৎসকসহ মোট পদ আছে ৫৯টি। এর মধ্যে ৪১টি পদ শূন্য। বিভিন্ন বিভাগে মোট ২১ জন জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কনসালট্যান্ট থাকার কথা। কিন্তু কাগজে-কলমে আছেন ৯ জন। নাক, কান ও গলা; অর্থোপেডিক; চর্ম ও যৌন বিভাগে চিকিৎসক নেই। অভ্যন্তরীণ বিভাগে ১২ জন চিকিৎসা কর্মকর্তা থাকার কথা, কিন্তু একজনও নেই। আবাসিক সার্জন, আবাসিক ফিজিশিয়ান, সহকারী সার্জনসহ বিভিন্ন পদ খালি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের পদটি গত ৩১ ডিসেম্বর শূন্য হয়। এরপর অস্ত্রোপচার বন্ধ হয়ে যায়। ২০ ফেব্রুয়ারি ওই পদে চিকিৎসক যোগ দেন। কিন্তু তিনি অনিয়মিতভাবে হাসপাতালে আসতেন। ১১ মে থেকে তিনি হাসপাতালে আসছেন না। ছুটিও নেননি।
হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, প্রতি মাসে গড়ে এখানে ৩০ জন অন্তঃসত্ত্বা নারীকে অস্ত্রোপচার সেবা দেওয়া হতো। এখন সেটি বন্ধ রয়েছে।
জেলা সিভিল সার্জন আশুতোষ দাশ বলেন, গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক যোগদানের পর থেকে অনিয়মিত। অনুপস্থিত থাকায় যোগাযোগ করার পর বলেছেন, তিনি অসুস্থ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মো. আলী হায়দার বলেছেন, সদর হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার না হওয়ায় জেলার মানুষকে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে। আর ক্লিনিকে গেলে ২৫-৩০ হাজার টাকা গুনতে হয়। এতে জেলার অসচ্ছল পরিবারগুলোর ভোগান্তির শেষ নেই।
এদিকে গত বৃহস্পতিবার হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগী ছিল ৬১ জন। কিন্তু এ ওয়ার্ডে ২৫টি শয্যা আছে। অন্যরা শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছে। রোগীদের সঙ্গে আসা লোকের ভিড়ে ওই ওয়ার্ডে পা ফেলা দায়। সদর উপজেলার বেড়াজালি গ্রামের আহমদ আলী (৪৭) বলেন, তাঁর ছেলেকে নিয়ে তিন দিন আগে হাসপাতালে এসেছেন। কিন্তু কোনো শয্যা পাননি। তিন দিনে ডাক্তার মাত্র একবার তাঁর ছেলেকে দেখেছেন।
একজন নার্স বললেন, গরমের কারণে নানা রোগ দেখা দেওয়ায় শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়েছে। এত রোগী এবং তাদের সঙ্গে আসা লোকদের সামাল দেওয়া কঠিন। তবু যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আটতলা একটি নতুন ভবনের কাজ প্রায় শেষ। সেটি চালু হলে শয্যার সংকট থাকবে না। চিকিৎসক, নার্সসহ লোকবলসংকটের বিষয়টি প্রতি মাসের প্রতিবেদনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।