
শেরপুরের ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। চিকিৎসকের ৩৬টি পদের মধ্যে ১৭ জন কর্মরত আছেন। চিকিৎসার জন্য রোগীদের দেড় থেকে দুই ঘণ্টা হাসপাতালে অপেক্ষা করতে হয়।
হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, শেরপুর জেলার প্রায় ১৫ লাখ বাসিন্দা জেলা হাসপাতালে চিকিৎসা নেন। এ ছাড়া পাশের জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রাম জেলার রাজীবপুর ও রৌমারী উপজেলার মানুষও শেরপুর জেলা হাসপাতালের ওপর নির্ভর করেন। বর্তমানে এই হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তা না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
২৩ জুন দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, চিকিৎসক সংকটের কারণে অনেক রোগী হাসপাতালের বহির্বিভাগের বারান্দায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। এ সময় বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শ্রীবরদী উপজেলার গড়জরিপা গ্রামের রোকিয়া বেগম (৩৫) বলেন, জ্বর ও বমির জন্য তিনি চিকিৎসা নিতে এসেছেন। কিন্তু দুই ঘণ্টা ধরে অপেক্ষা করার পরও ডাক্তার দেখাতে পারেননি।
শেরপুর সদরের যোগিনীবাগ গ্রামের মো. জাহেদ আলী (৫০) বলেন, উচ্চরক্তচাপের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন। কিন্তু ডাক্তার কম। তাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন।
এ সময় চারজন চিকিৎসা কর্মকর্তা রোগী দেখছিলেন। তখন আরও ৫০ জন রোগী হাসপাতালের বারান্দায় অপেক্ষা করছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে সাড়ে ৪৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসকের অভাবে তাঁরা দুর্ভোগ ও ভোগান্তির শিকার হন। চিকিৎসার জন্য তাঁদের দুই ঘণ্টা পর্যন্ত হাসপাতালে অপেক্ষা করতে হয়। বহির্বিভাগে চার থেকে পাঁচজন চিকিৎসা কর্মকর্তা সেবা দেন। কিন্তু বিপুলসংখ্যক রোগী নিয়ে তাঁরা হিমশিম খান। এ ছাড়া এ হাসপাতালের অন্তর্বিভাগে গড়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ রোগী ভর্তি থাকে। এতে শয্যাসংকটের কারণে রোগীদের মেঝেতে বিছানা পেতে সেবা নিতে হচ্ছে।
জেলা হাসপাতালের এক কর্মকর্তা বলেন, জেলা হাসপাতালে চিকিৎসকের ৩৬টি পদের মধ্যে ১৯টি পদই শূন্য রয়েছে। বর্তমানে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) দুটি পদই খালি। চিকিৎসা কর্মকর্তার চারটি পদের মধ্যে একটি, জরুরি চিকিৎসা কর্মকর্তার তিনটি পদের দুটি, সহকারী সার্জনের ছয়টি পদের চারটি খালি। প্যাথলজিস্ট পদে কেউ নেই। এ ছাড়া সার্জারি, মেডিসিন, নাক, কান, গলা ও গাইনি বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্টের পদগুলো শূন্য। এ ছাড়া অর্থোপেডিক, প্যাথলজি, ডেন্টাল, অ্যান্ডোক্রাইনোলজি এবং চর্ম ও যৌন রোগ বিভাগের কনিষ্ঠ কনসালট্যান্ট পদগুলোতেও কেউ কর্মরত নেই।
শেরপুরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আনোয়ার হোসেন বলেন, বর্তমানে মাত্র ১৭ জন চিকিৎসক দিয়ে হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে চিকিৎসাসেবার কাজ ব্যাহত হচ্ছে। তবে রোগীদের চাপ সামলাতে সব শূন্যপদে চিকিৎসক নিয়োগের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।