অবকাঠামো, চিকিৎসার সরঞ্জাম সবকিছুই আছে, নেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক। গাইনি চিকিৎসক না থাকায় জরুরি প্রসূতিসেবা এবং মা ও শিশুমৃত্যু রোধ প্রকল্পের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই করুণ অবস্থা নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। চিকিৎসক-সংকটের কারণে প্রতিদিন অসংখ্য রোগী যথাযথ সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।গত বুধবার ছেলের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন কালিয়া উপজেলা বিলবাউচ গ্রামের রোমেছা বেগম। তিনি জানান, হাড় ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য তিনি তাঁর ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে এসেছিলেন। চিকিৎসক না পেয়ে ছেলেকে নিয়ে তাঁকে ফিরে যেতে হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসক-সংকটের কারণে অনুমোদন পাওয়ার পরও এখানে ৫০ শয্যার কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করা সম্ভব হয়নি। গাইনি চিকিৎসকের পাশাপাশি এখানে সার্জারি, নাক-কান-গলা, চক্ষু, দন্তবিশেষজ্ঞ এবং আবাসিক চিকিৎসক ও অবেদনবিদের মতো গুরুত্বপূর্ণ পদও শূন্য।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী এখানে ২০ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিনয় কৃঞ্চ বিশ্বাসসহ তিনজন চিকিৎসক কর্মরত আছেন। তাঁরা হলেন চিকিৎসা কর্মকর্তা সোহেলী জামান ও তুষার কুমার। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২৭ জুলাই তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সালাউদ্দীন ইউসুফ নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। ২০০৮ সালের ২৩ ডিসেম্বর ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন পায়। চিকিৎসক-সংকটের কারণে এই হাসপাতালে শুরু হওয়া জন্মনিয়ন্ত্রণ, জরুরি প্রসূতিসেবা (ইওসি) এবং মা ও শিশুমৃত্যু রোধ (এমএনএইচ) কার্যক্রম ব্যাহত হচ্ছে।বুধবার সরেজমিনে গিয়ে জানা গেছে, বহির্বিভাগে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই শ রোগী চিকিৎসার জন্য আসেন। এ ছাড়া অন্তর্বিভাগে প্রতিদিন ৬০-৭০ জন রোগী ভর্তি থাকেন। মাত্র তিনজন চিকিৎসক তাঁদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি গোলেজান বিবির স্বামী রমজান আলী জানান, কয়েক দিন অপেক্ষা করার পরও তাঁর স্ত্রীকে চিকিৎসক দেখতে আসতে পারেননি।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিনয় কৃঞ্চ বিশ্বাস বলেন, তিনজন চিকিৎসকের ওপর প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে। এখানে চিকিৎসকসহ ১৭৯টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১৩২ জন। বিষয়টি তিনি সিভিল সার্জনকে জানিয়েছেন।সিভিল সার্জন আবদুস সামাদ জানান, ৫০ শয্যার জনবল অনুমোদন পাওয়া গেলেও তা পূরণ হয়নি। গাইনি চিকিৎসক না থাকায় তিনি কালিয়ায় গিয়ে প্রসূতিদের অস্ত্রোপচার করেন। ওই হাসপাতালের বিষয়ে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য কার্যালয়ে একাধিকবার চিঠি পাঠিয়েছেন। কিন্তু আজও তা কার্যকরের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।