ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র চারজন। তাঁদের তিনজনই ছুটিতে রয়েছেন। ফলে স্থানীয় লোকজন বঞ্চিত হচ্ছে চিকিৎসাসেবা থেকে।
অন্যদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি প্রায় দেড় বছর ধরে বিকল। বাধ্য হয়ে রোগীরা বাড়তি টাকা ব্যয়ে বাইরে থেকে এক্স-রে করাচ্ছে।
গত ১৯ জানুয়ারি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, একমাত্র চিকিৎসক প্রিয়াংকা বিশ্বাসকে সহযোগিতা করছেন বালিয়াজুরি উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আশিকুর রহমান। দুজন চিকিৎসকের পক্ষে রোগীদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে ১৫০ জন ও জরুরি বিভাগে আটজন রোগী চিকিৎসা নেয়।
বহিঃবিভাগের সামনে বসা বোকাইনগর ইউনিয়নের বোকাইনগর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী জানান, তিনি পেটে ব্যথা নিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। ভিড়ের চাপে ভেতরে যেতে পারেননি।
মহিলা ওয়ার্ডের রোগীরা অভিযোগ করেন, দিনে একবার মাত্র চিকিৎসক আসেন। রাতে আর কাউকে দেখা যায় না। হাসপাতালে এসেও চিকিৎসা ছাড়াই পড়ে থাকতে হচ্ছে।
চিকিৎসক আশিকুর রহমান বলেন, ‘চিকিৎসকেরা নানা প্রয়োজনে ছুটিতে আছেন। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও রোগীদের সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করছি।’
স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগ সূত্র জানায়, গত বছরের মার্চ থেকে প্রেষণে আছেন দুই বিশেজ্ঞ চিকিৎসক। তিনজন চিকিৎসকের পদ প্রায় আড়াই বছর ধরে শূন্য। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চন্দন চক্রবর্তী অসুস্থতার কারণে ১ ডিসেম্বর থেকে তিন মাসের ছুটিতে আছেন। ৭ জানুয়ারি থেকে এক মাসের ছুটিতে আছেন আরও একজন চিকিৎসা কর্মকর্তা।
সোহেল আহমেদ নামের এক চিকিৎসা কর্মকর্তা পরীক্ষাজনিত কারণে ১৯ জানুয়ারিসহ দুই দিনের ছুটিতে ছিলেন, ২৫ জানুয়ারি থেকে আরও কয়েক দিনের ছুটি নেন তিনি।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চিকিৎসক-সংকটের পাশাপাশি একমাত্র এক্স-রে যন্ত্রটি ২০১২ সালের জুলাই থেকে বিকল। এ কারণে প্রতিদিন সাত থেকে আটজন রোগীকে বাইরের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র থেকে এক্স-রে করাতে হয়। রেডিওলোজি বিভাগ সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সের মেশিনটি ভালো থাকলে বিভিন্ন ধরনের এক্স-রের জন্য রোগীদের খরচ হতো ৪০ থেকে ৫০ টাকা। একই এক্স-রে বাইরে থেকে করাতে খরচ পড়ে ১৫০ থেকে ১৮০ টাকা।
সিভিল সার্জন আবদুস সামাদ বলেন, ‘২৭ জানুয়ারি ওই স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেছি। এত চিকিৎসক অনুপস্থিত থাকার কারণ জানতে চাওয়া হয়েছে। কোনো অসংগতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’