চিকিৎসক-সংকটে সেবাবঞ্চিত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র সাতজন। এতে সেখানে চিকিৎসাসেবা মারাত্মক ব্যাহত হচ্ছে।
চিকিৎসা নিতে আসা রোগী, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী ছাড়াও পাশের আগৈলঝাড়া, মুলাদী, উজিরপুর ও কালকিনি উপজেলার লোকজনও এখানে চিকিৎসা নিতে আসেন। ৫১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের ২১টি পদের মধ্যে চিকিৎসক রয়েছেন মাত্র সাতজন। চিকিৎসক সংকট, অ্যাম্বুলেন্স না থাকা, এক্স-রে মেশিন বিকল হওয়ায় ১০ বছর ধরে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইনি বিশেষজ্ঞ, শল্য, অর্থোসার্জারি, চক্ষু এবং কার্ডিওলজি বিশেষজ্ঞ ও অবেদনবিদসহ ১৪টি পদ বছরের পর বছর খালি রয়েছে। কর্মরত কয়েকজন চিকিৎসক বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশেই হাসপাতালটি অবস্থিত হওয়ায় এখানে রোগীর সংখ্যা অনেক বেশি। ১০ বছর ধরে অ্যাম্বুলেন্সটি বিকল আছে। বিভিন্ন সময় আবেদন করা সত্ত্বেও অ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়া যায়নি। এ ছাড়া এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। অনেক সময় মুমূর্ষু রোগীকে বরিশালে পাঠানোর প্রয়োজন পড়ে। কিন্তু কখনো কখনো টেম্পো বা ভ্যানে করে পাঠানোর পথে রোগী মারা যায়।
সূত্র আরও জানায়, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের সাংসদেরা একাধিকবার মন্ত্রীর কাছে ডিও লেটার দিলেও অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়নি। এক্স-রে মেশিনটি ১২ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। এটি প্রায় প্রতি মাসেই সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। তবু মেরামত করা হয়নি।
কয়েকজন রোগী ও স্থানীয় লোকজন জানান, প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগ ও বহির্বিভাগে তিন থেকে চার শ রোগী আসে। কিন্তু চিকিৎসক না থাকায় অনেককে চিকিৎসা না নিয়েই ফিরে যেতে হয়।
গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, অধিকাংশ চিকিৎসকের কক্ষই তালাবদ্ধ রয়েছে। এ সময় উপজেলার নলড়ি ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের তালেব ফকির (৪৫), খাঞ্জাপুর গ্রামের কমলাপুর গ্রামের নাজেম হাওলাদার (৬০), কচুয়া গ্রামের মিরাজ হোসেনসহ (৩৮) আরও কয়েকজন জানান, সকালে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন। কিন্তু চিকিৎসক না থাকায় বিনা চিকিৎসায় ফিরে যেতে হচ্ছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জয়নাল আবেদীন বলেন, ‘আমরা বিরামহীনভাবে রোগীকে সেবা দেওয়ার চেষ্টা করি। কিন্তু চিকিৎসক সংকটের কারণে বেশির ভাগ সময় সবাইকে চিকিৎসা দেওয়া যায় না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসলেম উদ্দিন খান বলেন, গৌরনদী উপজেলা ও আশপাশের চার লাখের বেশি লোকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে চিকিৎসক, এক্স-রে মেশিন, পানির পাম্প ও অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া প্রয়োজন। এ ছাড়া হাসপাতালে দুটি অত্যাধুনিক অস্ত্রোপচার কক্ষ (ওটি) রয়েছে। শুধু একজন সার্জনের অভাবে অস্ত্রোপচার বন্ধ রয়েছে।