চিকিৎসক সানাউর হত্যা মামলায় দুজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান হত্যা মামলায় সন্দেহভাজন দুই জেএমবি সদস্য গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দেন। এর আগে গত রোববার রাতে ‘বন্দুকযুদ্ধে’ এ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত টুলু মোল্লা নিহত হন।
চিকিৎসক হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে চার আসামিকে গতকাল বিকেলে কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন আজিজুল ইসলাম, সাইফুল ইসলাম, জয়নাল ও সাইজুদ্দিন। তাঁদের মধ্যে সাইফুল ও জয়নাল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে চার আসামিকেই কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, এর আগে বোমা বিস্ফোরণে স্কুলছাত্র নাঈম নিহত হওয়ার মামলায় আজিজুল ও সাইজুদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তখন তাঁরা সানাউর হত্যা সম্পর্কেও তথ্য দিয়েছিলেন। পরে তাঁদের এই মামলায়ও রিমান্ডে নেওয়া হয়েছিল। এর আগে গত শনিবার জেলার বিভিন্ন এলাকা থেকে এই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
চিকিৎসক ও স্কুলছাত্র হত্যার ঘটনায় করা দুটি মামলারই তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, চারজন জঙ্গিকে আটকের পর দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ড শেষে গতকাল দুপুরে তাঁদের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে নেওয়া হয়। সেখানে বেলা তিনটায় সাইফুল ও জয়নাল একই আদালতের দুজন হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, রিমান্ডে চার আসামিই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। খাজানগর এলাকায় আরও দুই-তিনজন জেএমবি সদস্য রয়েছেন, যাঁরা হত্যায় জড়িত। তাঁরা পলাতক রয়েছেন। তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় দেওয়া যাচ্ছে না। তাঁদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ বলেছে, গত রোববার রাতে সানাউর হত্যাকারীদের আশ্রয়দাতা ও পরিকল্পনাকারী খাজানগর এলাকার জেএমবি নেতা টুলু মোল্লা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। মূল পরিকল্পনাকারী পাবনার টেবুনিয়া এলাকার আবু মুসা ওরফে রবিন ওরফে তালহাকে পুলিশ খুঁজছে। তিনি জেএমবির অপারেশন বিভাগের সক্রিয় সদস্য।
গত ২০ মে কুষ্টিয়া শহর থেকে ছয় কিলোমিটার দূরের গ্রাম শিশিরমাঠ এলাকায় সানাউরকে (৫৮) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। কুপিয়ে গুরুতর আহত করা হয় তাঁর সঙ্গে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামানকে (৩৮)। পরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হত্যার দায় স্বীকার করে বার্তা দিয়েছিল।