চিকিৎসক সেবিকাদের ধর্মঘট বন্ধের নির্দেশনা চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জীবন রক্ষায় এবং রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসক ও সেবিকাদের ধর্মঘট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এইচআরপিবির পক্ষে এই রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। এতে চিকিৎসক ও সেবিকাদের ধর্মঘট ডাকার পেছনে যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।
এ ছাড়া চিকিৎসক বা সেবিকারা কাজের সময়ে ধর্মঘট বা কর্মবিরতি করেন কি না, তা প্রতি সপ্তাহে দুবার পরিদর্শন করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তিন সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশনাও রিট আবেদনে করা হয়।
মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, দেশের চিকিৎসক-সেবিকারা বিভিন্ন কারণে বিভিন্ন সময় ধর্মঘট ও কর্মবিরতিতে যান।
এর ফলে দেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থা বিবেচনায় নিয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছে।