চিকিৎসক স্ত্রীকে ঘরে ‘বন্দী’ করে স্বামীর বিদেশ যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী-স্ত্রী দুজনই চিকিৎসক। স্বামী পবিত্র হজ পালন করতে যেতে চাইলে স্ত্রী বাবার বাড়িতে যেতে চান। এতে ক্ষুব্ধ হয়ে স্বামী তাঁর স্ত্রীকে নিজ ঘরে তালাবদ্ধ করে রেখে সৌদি আরবে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় এক মাস এভাবে নিজ ঘরে ‘বন্দী’ থাকা এক নারীকে গতকাল শুক্রবার পুলিশ উদ্ধার করেছে। সিলেট নগরের মীরের ময়দান এলাকার কেওয়াপাড়ায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, চিকিৎসক নন্দিতা সিনহা ১৯৮৬ সালে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হূদেরাগ বিশেষজ্ঞ জুলফিকার আহমেদকে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নন্দিতা সিলেটের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। তাঁরা নগরের মীরের ময়দান এলাকার কেওয়াপাড়ার একটি বাড়ির দ্বিতীয় তলায় থাকেন। গতকাল নন্দিতার ভাই বিজিত সিনহা সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন, তাঁর বোনকে নিজ বাড়িতে বন্দী করে রাখা হয়েছে।পুলিশ সূত্র জানায়, এ অভিযোগ পেয়ে গতকাল বেলা তিনটার দিকে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বিরের নেতৃত্বে একদল পুলিশ কেওয়াপাড়ার ওই বাসায় গেলে তালাবদ্ধ ফটকে নিয়োজিত পাহারাদার তাদের বাধা দেন। এ সময় দোতলা থেকে নন্দিতা নিজের পরিচয় দিয়ে বন্দী থাকার বিষয়টি পুলিশকে জানান।পুলিশ জানায়, পুলিশ তখন চিকিৎসক জুলফিকারের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তাঁরা এ ব্যাপারে কোনো সহায়তা করতে রাজি না হলে পুলিশ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালিককে খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। শেষে কাউন্সিলরের মধ্যস্থতায় বিকেল সাড়ে চারটায় নন্দিতাকে ঘরের তালা খুলে মুক্ত করা হয়।নন্দিতার অভিযোগ, তাঁর স্বামী সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছেন। এ বিয়ের প্রতিবাদ করায় তাঁকে প্রায় ছয় মাস ধরে মানসিক নির্যাতন করা হচ্ছে। নন্দিতা বলেন, বাসার মূল ফটক ও সিঁড়ির ফটকে দুটি তালা দিয়ে শয়নকক্ষের দরজায়ও আরেকটি তালা দেওয়া হয়। খাবার দেওয়ার সময় ফটকে নিয়োজিত দুজন পাহারাদারকে সঙ্গে নিয়ে তাঁর স্বামীর আত্মীয়রা কেবল ঘরে প্রবেশ করতেন। নন্দিতা বলেন, ‘আমার স্বামী আমাকে পরিকল্পিতভাবে মানসিক রোগী বানানোর চেষ্টা করছেন। অযথা ঘুমের ওষুধ খাইয়ে আমাকে একধরনের ঘোরের মধ্যে রাখা হয়েছিল।’ শাহ মো. মুবাশ্বির বলেন, নন্দিতার বাবার বাড়ির লোকজনের অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ তাঁকে উদ্ধার করেছে।