চিকিৎসক স্বামীর ব্লেডে ক্ষতবিক্ষত স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ধারালো ব্লেড দিয়ে মুমূর্ষু রোগীকে অস্ত্রোপচার করে সুস্থ করা হয়, সেই ব্লেড দিয়ে চিকিৎসক স্ত্রীকে ক্ষতবিক্ষত করেছেন চিকিৎসক স্বামী।নির্মম নির্যাতনের শিকার চিকিৎসক রাবেয়া খাতুন পাঁচ দিন ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শয্যাশায়ী। এ ঘটনায় গত ২ আগস্ট স্বামী কামরুল হুদার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন রাবেয়া। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত কামরুলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।কামরুল চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা (এমওসিএস)। এর আগে গত ২৬ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর রাবেয়া মেহেরপুর মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা। একই সঙ্গে তিনি চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের বিপরীতে নিজেদের বাড়ির নিচতলায় মায়া নার্সিং হোম নামের ক্লিনিক পরিচালনা করেন।মামলার এজাহার অনুযায়ী, ২৭ বছর আগে কামরুল হুদার সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। বিয়ের পর প্রায়ই যৌতুকের দাবিতে রাবেয়াকে মারধর করতেন কামরুল। কিন্তু লোকলজ্জার ভয়ে বিষয়টি বাইরের কাউকে জানাননি রাবেয়া। গত বছর রাবেয়ার অনুমতি ছাড়াই কামরুল দ্বিতীয় বিয়ে করেন। পরে পরিবারের চাপে ওই নারীকে তালাক দেন তিনি। গত ৩১ জুলাই রাতে রাবেয়া তিনতলা বাড়ির নিচতলায় মায়া নার্সিং হোমে দায়িত্ব পালন করছিলেন। রাত আটটার দিকে কামরুল সেখানে গিয়ে রাবেয়ার কাছে আট লাখ টাকা যৌতুক দাবি করেন। রাবেয়া শান্ত হতে বললে কামরুল অস্ত্রোপচারের ধারালো ব্লেড দিয়ে তাঁর গলায় আঘাত করতে যান। রাবেয়া ঠেকাতে গেলে কামরুল তাঁর বাঁ চোয়াল, বাঁ হাতসহ শরীরে ব্লেডের পাঁচটি পোচ মেরে ক্ষতবিক্ষত করেন। পরে তিনি রাবেয়ার শরীরে লোহার তালা ছুড়ে মারেন। এতে রাবেয়ার পিঠে কালশিটে দাগ হয়ে যায়। চিৎকার শুনে এগিয়ে আসেন কামরুল ও রাবেয়ার বড় ছেলে তানভীর হুদা রতনসহ অন্যরা। তাঁরা কামরুলকে নিবৃত্ত করেন এবং রাবেয়ার চিকিৎসার ব্যবস্থা করেন।সদর হাসপাতালে চিকিৎসাধীন রাবেয়া প্রথম আলোকে বলেন, ‘ছেলেমেয়েদের মুখের দিকে চেয়ে এত দিন নির্যাতন সহ্য করেছি। এবার কামরুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’হাসপাতালের চিকিৎসক ওয়ালিউর রহমান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে রাবেয়ার বাঁ চোয়াল, বাঁ হাত ও পিঠে বেশ কয়েকটি ক্ষতের সৃষ্টি হয়েছে।এদিকে রাবেয়াকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন স্বামী কামরুল। প্রথম আলোকে তিনি বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। মারধরের অভিযোগ সঠিক নয়। আমাকে ফাঁসাতে রাবেয়া নিজেই নিজের হাত কেটে নাটক করছেন।’রাবেয়া-কামরুলের বড় ছেলে ও মামলার সাক্ষী তানভীর হুদা (২২) বলেন, ‘মায়ের কান্নাকাটির শব্দ শুনে আমি তিনতলা থেকে নিচতলায় নার্সিং হোমে আসি। সেখানে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। ওই সময় বাবার হাতে অস্ত্রোপচারকক্ষে ব্যবহূত ধারালো ব্লেড ছিল। আমার সামনেই বাবা মাকে লক্ষ্য করে তালা ছুড়ে মারেন।’তানভীর বলেন, ‘গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে মা তাঁর সম্পত্তির অংশ আমাদের তিন ভাইবোনের নামে লিখে দেন। এ কারণে বাবা মায়ের ওপর ক্ষুব্ধ ছিলেন। তাই তিনি মায়ের ওপর নৃশংস হামলা চালাতে পারেন।’তানভীরও স্বীকার করে, এর আগেও তাঁর বাবা দফায় দফায় রাবেয়াকে নির্যাতন করেছিলেন। শুধু সামাজিক মান-মর্যাদার ভয়ে তা প্রকাশ করা হয়নি। তবে আত্মীয়স্বজনেরা সবই জানেন।রাবেয়ার ওপর নির্যাতনের ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার বেলু চৌধুরী। তিনি বলেন, ৩১ জুলাই রাত আটটার দিকে তিনি মায়া নার্সিং হোমের কাছাকাছি কেরু কোম্পানির কর্মচারী গোলাম কিবরিয়ার বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ হইচই-কান্নাকাটির শব্দ পেয়ে নার্সিং হোমের নিচতলায় ঢুকে দেখতে পান রক্তাক্ত রাবেয়া মেঝেতে পড়ে আছেন। আর কামরুল হুদা অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এরপর তিনি, হাসপাতালপাড়ার বাসিন্দা আবদুর রাজ্জাক ও তানভীর মিলে রাবেয়াকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।রাবেয়ার ওপর নির্যাতনের মামলাটি তদন্ত করছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে নির্যাতনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এজাহারভুক্ত আসামি কামরুল হুদাকে ধরতে পুলিশ সম্ভাব্য জায়গায় তল্লাশি চালিয়েছে। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।