চিকিৎসক হওয়ার স্বপ্ন অধরা রয়ে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেফালি আক্তার
শেফালি আক্তার

দরিদ্র পরিবারের হৃদয় কর্মকার ও শেফালি আক্তার দুজনেই এবার মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন। এতে তাঁদের পরিবারে আনন্দের ছোঁয়া লাগলেও পড়াশোনার খরচ মেটানোর কথা ভেবে দুশ্চিন্তায় পড়েছে।
হৃদয় কর্মকার মেডিকেল ভর্তি পরীক্ষায় ৭২তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। হৃদয়ের বাড়ি ময়মনসিংহ শহরের সেহড়া মুন্সিবাড়ির বড়বাড়ী এলাকায়। ভাড়া করা দুটি ছোট্ট ঘরে হৃদয়ের ছয় সদস্যের পরিবারের বসবাস। বাবা গৌরাঙ্গ কর্মকার নেত্রকোনায় একটি স্বর্ণের দোকানে মিস্ত্রির কাজ করতেন। এক বছর আগে দোকানটি উঠে গেলে ময়মনসিংহ শহরে এসে ইজিবাইক চালিয়ে সংসার চালাতে থাকেন। মাস খানেক আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার পর থেকে কাজ করতে পারছেন না। মা মুক্তা কর্মকার গৃহিণী। ছোট দুটি বোনের মধ্যে একজন ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে পড়ছে।

হৃদয় কর্মকার
হৃদয় কর্মকার

গৌরাঙ্গ কর্মকার বলেন, ‘ছেলে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ায় আমি অনেক খুশি। কিন্তু পড়ার খরচ জোগাড় করার মতো টাকা আমার নেই। এ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।’
হৃদয় মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। তিনি জানান, স্কুল ও কলেজ কর্তৃপক্ষ তাঁর পড়াশোনার খরচে অনেক ছাড় দিয়েছে। একটি কোচিং সেন্টারের আর্থিক সহায়তা নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন।
শেফালি আক্তারের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর সাঁটিয়াকোলা গ্রামে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শেফালি চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। পরিবারের তিন ভাই তিন বোনের মধ্যে শেফালি সবার ছোট। বড় ভাই বেলাল হোসেন অন্যের বাড়িতে তাঁতশ্রমিকের কাজ করে যা আয় করেন, তা দিয়েই কোনো রকমে চলে সংসার।
শেফালির এক বোন পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এবং এক ভাই নারায়ণগঞ্জ মেরিন একাডেমিতে পড়াশোনা করেন। পরিবারের পক্ষে পড়াশোনার ব্যয় বহনের সামর্থ্য না থাকায় দুজনেই টিউশনি করেন। আরেক ভাই বিদেশে গেলেও আদম বেপারির খপ্পরে পড়ে মানবেতর জীবন যাপন করছেন। বাবা মোতালেব হোসেনও তাঁতের কাজ করতেন। ২০০৮ সালে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হওয়ার পর পরিবারে বিপর্যয় নেমে আসে। অভাব-অনটন তাঁদের নিত্যসঙ্গী।
গতকাল বুধবার শেফালিদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠোনে ছাত্র পড়ানোয় ব্যস্ত তিনি। এক ফাঁকে তিনি জানান, টিউশনি আর সুতার কাজ করে পাওয়া টাকা কোচিং করেছেন। ভর্তি পরীক্ষা শেষ করে টিউশনি ও সুতার কাজ আরও বাড়িয়ে দিয়েছেন। শেফালি বলেন, ‘আমাদের সংসারে অভাব থাকায় বাড়ি থেকে মেডিকেলে পড়ার খরচ পাওয়া সম্ভব নয়। তাই টিউশনি করেই পড়ার খরচ জোগাতে হবে।’

প্রথম আলোয় আজ শুক্রবার এ খবর প্রকাশিত হওয়ার পর দেশ-বিদেশের অসংখ্য পাঠক মেধাবী এই দুই শিক্ষার্থীকে সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রথম আলো ডটকমের পক্ষ থেকে তাদের যোগাযোগ করে তাঁদের মুঠোফোন নম্বর ও ব্যাংক হিসাব নম্বর সংগ্রহ করা হয়েছে। হূদয় কর্মকারকে সাহায্য করতে চাইলে ফোন করতে হবে ০১৭১৯৩১২১০৯ নম্বরে। আর শেফালী আক্তারকে সাহায্য করতে চাইলে তাঁর ডাচ-বাংলা ব্যাংকের ১৫৭১০১৮০৩১৮ নম্বর হিসাবে টাকা পাঠাতে পারেন।