চিকিৎসক হওয়া হলো না সাদিয়ার

বন্ধুরা ঘুমাতেন। কিন্তু তিনি রাত জেগে পড়তেন। তাই তাঁর পরীক্ষার ফল অন্যদের থেকে ভালো ছিল। আর বাকি ছিল মাত্র আট মাস। এরপর তিনি হয়ে যেতেন একজন চিকিৎসক, যা হওয়ার স্বপ্ন দেখেছিলেন সেই ছোট্টবেলায়। কিন্তু তাঁর সব স্বপ্ন-সাধনা শেষ হয়ে গেল একজন বাসচালকের কারণে।
গতকাল শনিবার বাসের ধাক্কায় নিহত এই শিক্ষার্থীর নাম সাদিয়া হাসান (২২)। তিনি পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী ছিলেন। সাদিয়ার বাড়ি রাজশাহী শহরে। তিনি রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজের হোস্টেলে থেকেই লেখাপড়া করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সাদিয়া ও তাঁর মা রাজশাহী থেকে ট্রেনে কমলাপুর স্টেশনে আসেন। সেখান থেকে অটোরিকশায় করে তাঁরা সাদিয়ার হোস্টেলে যাচ্ছিলেন। হাসপাতালে সাদিয়ার মা শাহীনা বলেন, বংশালের আল রাজ্জাক হোটেলের সামনে যাত্রীবাহী একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়। আহত অবস্থায় মা-মেয়েকে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে সাদিয়ার মৃত্যুর খবর কলেজে ছড়িয়ে পড়লে হত্যাকারীর বিচারের দাবিতে বেলা একটার দিকে কলেজের শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড় অবরোধ করেন। তাঁরা সড়কে বসে বিক্ষোভ করেন এবং ঘাতক চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় আশপাশের সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়। বেলা দেড়টার দিকে তাঁরা মিছিল করে কলেজে ফেরত যান। সেখানে তাঁরা হত্যাকারীকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। শিক্ষার্থীদের আন্দোলনে সহমত পোষণ করেন কলেজের অধ্যক্ষ এম এ বাশার। গতকাল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ঘাতক বাসচালককে গ্রেপ্তারে লালবাগ জোনের উপকমিশনারের সঙ্গে তিনি কথা বলেছেন।
সাদিয়ার সঙ্গে হোস্টেলে এক কক্ষে থাকতেন নাদরাতুল নাইন। তিনি বলেন, গত বৃহস্পতিবার সাদিয়া পরীক্ষা দিয়ে বাড়ি গিয়েছিলেন মা-বাবার সঙ্গে দেখা করতে। শনিবার গাইনোকলজির ওপর তাঁর পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য মায়ের সঙ্গে রাজশাহী থেকে মেডিকেল কলেজে ফিরছিলেন।
সাদিয়ার বন্ধু ফাতেমা বললেন, ‘আর হয়তো পাঁচ মিনিট পরই সাদিয়া কলেজের হোস্টেলে পৌঁছে যেতে পারত। আমাদের সঙ্গে বসে পরীক্ষাও দিতে পারত। কিন্তু এত কাছে এসেও সাদিয়া কলেজে আসতে পারল না।’