চিকিৎসক হওয়ার স্বপ্ন চুরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস পর ছেলে ছাত্রাবাস থেকে বাড়ি ফিরেছে। তাই মা ফারজু আরার মন চাইছিল ছেলেকে নিজ হাতে ভালো কিছু রান্না করে খাওয়াবেন। কিন্ত আলু তোলা ও বোরো লাগানোর শ্রমিকদের রান্নার কাজ সামাল দিতে সময় করে উঠতে পারছিলেন না। এ জন্য ছেলেকে আরও কয়েকটা দিন থেকে যেতে বলেছিলেন তিনি। কিন্তু ছেলের জবাব, কয়েক দিন পরই পরীক্ষা (বর্ষ পরিবর্তন)। পরীক্ষা ভালোভাবে হোক, তারপর সময় করে বাড়ি এসে পেটপুড়ে মায়ের হাতের ভালো রান্না খেয়ে যাবে। পরীক্ষার কথা শুনে ফারজু আরা ছেলেকে বগুড়ায় যেতে দিতে রাজি হয়েছিলেন।বাড়ি থেকে বিদায়ের সময় মশিউর মাকে বলেছিল ‘মা, তোমরা দোয়া কর। পড়ালেখা শেষ করে আমি যেন চিকিৎসক হতে পারি। আমাকে নিয়ে তোমার আর বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারি। ফাহাদের (ছোট ভাই) দিকে নজর রেখ। ভালোভাবে পড়ালেখা করে তাকে কিন্তু প্রকৌশলী হতে হবে। দুই ভাইয়ের স্বপ্ন পূরণ হলে গর্ব করে বলতে পারবে, আমরা চিকিৎসক-প্রকৌশলীর মা-বাবা।’ গত শনিবার জয়পুরহাটের কালাই উপজেলার শিয়ালমারী-কাথাইল গ্রামে মায়ের কাছ থেকে বিদায় নিতে গিয়ে এভাবেই নিজের স্বপ্ন পূরণের জন্য দোয়া চেয়েছিল বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মশিউর রহমান ওরফে পাপ্পু। মাত্র দুই দিন পর গতকাল মঙ্গলবার ছেলে বাড়ি ফিরেছে, তবে লাশ হয়ে। ওই দিন সকালে বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার একটি ছাত্রাবাস থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সরকারি আযিযুল হক কলেজসংলগ্ন স্থানে দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় মশিউর।গতকাল দুপুরে মশিউরের লাশ গ্রামের বাড়িতে আনা হলে সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মা ফারজু আরা আর বাবা মোশারফ হোসেন বারবার বিলাপ করতে করতে মূর্ছা যান। শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে আসেন কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ সাধারণ শিক্ষার্থীরা। বিকেল সাড়ে চারটায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।তিন ভাই ও এক বোনের মধ্যে মশিউরের অবস্থান তৃতীয়। বাবা মোশারফ হোসেন একজন কৃষক। মা ফারজু আরা গৃহিণী। শৈশব থেকেই মশিউর ছিল মেধাবী। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে। ২০০৯ সালে কালাই ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে পরে ভর্তি হয় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে। শহরের বৃন্দাবনপাড়া মেঘনা ছাত্রাবাসে থেকে পড়ালেখা করত সে। কালাই ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, মশিউর শুধু ভালো ছাত্রই ছিল না; সে খুব নম্র, ভদ্র, আদর্শবান ছিল। সহপাঠী মৌসুমী আকতার বলে, ‘ওর মতো অসম্ভব ভালো ও মেধাবী একজন বন্ধুর অকাল মৃত্যু মেনে নিতে পারছি না।’