চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হবে নাসরিনের?

‘অভাবের সংসারে না খেয়ে থেকেছি। বইখাতাও ঠিকমতো জোটেনি। সবার সহযোগিতায় এত দূর এসেছি। ছোটবেলা থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছি। এখন মেডিকেলে ভর্তির সুযোগও পেয়েছি। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারব কি না জানি না।’ কথাগুলো নাসরিন আকতারের।
অদম্য মেধাবী নাসরিন দারিদ্র্যের পাহাড় ডিঙিয়ে একের পর এক সাফল্য দেখিয়েছেন। এবার সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। নাসরিনদের আদিবাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর দুর্গম চরে। নদীগর্ভে পৈতৃক ভিটা হারানোয় পরিবারটি এখন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের বানদীঘি নলপুকুর গ্রামে তিন শতক জায়গা কিনে বাস করছে।
নাসরিনের বাবা লাভলু প্রামাণিক বছর দুয়েক আগে দালালদের খপ্পরে পড়ে সমুদ্রপথে মালয়েশিয়া যান। এ জন্য ধারদেনা করে দালালদের হাতে টাকা তুলে দেন। অবৈধভাবে বিদেশে গিয়ে লাভলু নিজে যেমন বিপদে রয়েছেন, তেমনি বিপদে ফেলেছেন পুরো পরিবারকে। প্রতিবেশীর সাহায্য-সহযোগিতা নিয়ে নাসরিন ও তাঁর স্কুলপড়ুয়া ভাই নাসিমুজ্জামানের পড়াশোনার খরচ চালাতে ও পরিবারের খোরপোশ জোগাতে হিমশিম অবস্থা তাদের মা মীরজন বেগমের।
মীরজন বেগম প্রথম আলোকে বলেন, দালালের খপ্পরে পড়ে লাভলু বিদেশ যাওয়ার পর সংসারে চরম অনিশ্চয়তা নেমে আসে। অর্থাভাবে সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়। তবে আর্থিক দৈন্যতার মধ্যেও কঠোর পরিশ্রম করে ভালো করেছে মেয়েটা। কিন্তু এখন মেডিকেলে ভর্তি করানোর মতো সামর্থ্য তাঁর নেই। নাসরিন আকতার বলেন, তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ-৫। এখন সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির জন্য ২০ হাজার টাকার প্রয়োজন। এ টাকা এবং ভর্তির পর পড়াশোনার খরচ কীভাবে জুটবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
মামুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বলেন, নাসরিনদের বাড়ির তিন শতক জায়গা ছাড়া কিছুই নেই। যাদের সামর্থ্য আছে, তাঁরা নাসরিনের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেন চেয়ারম্যান মশিউর।