চিকিৎসক হতে চায় আফরোজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি চাই না, আমার মায়ের মতো অসহায় অবস্থায় আর কোনো মানুষ মারা যাক। আমি চিকিৎসক হতে চাই।’ পাঁচ বছর পর ভারত থেকে বাংলাদেশে ফিরে গতকাল রোববার রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত অনুষ্ঠানে আফরোজা খাতুন (১৩) এ কথা বলে।
বিজিবি গতকাল রাজশাহী সেক্টর সদর দপ্তরে ‘বাংলাদেশি নাগরিক আফরোজা খাতুনের স্বদেশ প্রত্যাবর্তনের পর তার শিক্ষা ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন’ অনুষ্ঠানের আয়োজন করে। এর মাধ্যমে মেয়েটিকে আনুষ্ঠানিকভাবে রাজশাহীভিত্তিক বেসরকারি সংস্থা এসিডির কাছে হস্তান্তর ও বিজিবির রাজশাহী সেক্টর সদরে অবস্থিত শহীদ কর্নেল কাজী এমদাদুল হক উচ্চবিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়া হয়। এ ছাড়া ভারত সরকারের দেওয়া এক লাখ ৬৪ হাজার রুপি ট্রাস্ট ব্যাংক লিমিটেডে স্থায়ী আমানতের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে আফরোজার ভাই মুন্না পারভেজ, নানা আমজাদ শেখ, নানি বেদানা বেগম ও স্থানীয় চেয়ারম্যান আবিদুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেক্টর অধিনায়ক কর্নেল এ বি এম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম প্রমুখ। আফরোজা জানায়, কারাগারে তাকে মায়ের সঙ্গেই থাকতে দেওয়া হয়েছিল। সেখানে সে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে।
আফরোজার নানাবাড়ি নাটোর সদর উপজেলার বেলঘড়িয়া শিবপুর গ্রামে। ২০০৯ সালের জানুয়ারি মাসে অসুস্থ মা মনোয়ারা বেগমের চিকিৎসা করাতে একটি দালালচক্রের মারফত মা ও বড় ভাই মুন্না পারভেজসহ ভারতে অনুপ্রবেশ করে তারা। কিন্তু আফরোজার মা আরও অসুস্থ হলে তারা দেশে ফিরতে শিলিগুড়ি সীমান্তে আসে। সেখানেই বিএসএফ তাদের আটক করে।