বিশাল বাংলা ডেস্ক:aগরিব ঘরের সন্তান তারা। খেয়ে না খেয়ে কেটেছে দিন। অল্প বয়সেই পরিবারের বোঝা এসে চেপেছে কাঁধে। সে বোঝা তারা বয়েছে, মন দিয়ে করেছে পড়াশোনা। তার ফলও পেয়েছে হাতেনাতে। দরিদ্র এসব ছেলেমেয়ে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে তারা সবাই। পাঠক, চলুন অদম্য এই ছেলেমেয়েদের জীবনের গল্পটা শুনি—বারবার স্কুল ছাড়তে হয়েছে সাজেদাকে: জয়পুরহাটের কালাই উপজেলার মাদাই গ্রামের ভূমিহীন আফতাব উদ্দিন অন্যের জমিতে বর্গা চাষ করেন। তাঁর স্ত্রী চানসুয়া বিবি টুকটাক সেলাইয়ের কাজ করেন। ঘরে দুই মেয়ে। নুন আনতে পান্তা ফুরায় দশা। তাই মেয়ে সাজেদাকে পড়াশোনা করাতে চাননি বাবা-মা। উল্টো কয়েকবার স্কুল থেকে ছাড়িয়ে এনেছিলেন। কিন্তু নিজের ইচ্ছাবলে সাজেদা খাতুন পড়াশোনা চালিয়ে গেছে। সঙ্গে গাঁয়ের ছোট ছেলেমেয়েদের পড়াত সে। এবার এসএসসিতে পুনট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সেই সাজেদা।আফতাব উদ্দিন বলেন, ‘মেয়েকে পড়ালেখা করালে শিক্ষিত জামাই খুঁজতে হবে। যৌতুক যে দেব, সেই সম্বলও নেই। এ জন্য বারবার মেয়ের পড়ালেখা বন্ধ করে দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটার ইচ্ছার কাছেই হার মানতে হলো।’ সাজেদা বলে, ‘ইচ্ছে ছিল, জীবনে যেভাবেই হোক, ডাক্তার হব। কিন্তু অভাবের কারণে বারবার স্কুল ছাড়তে হয়েছে। বাড়ি থেকে চুরি করে স্কুলে গেছি। প্রায় দিনই না খেয়ে যেতে হয়েছে। স্কুলে গিয়ে ক্ষুধায় যখন পেট জ্বলত, টিউবওয়েলের পানি খেতাম।’বোনেরা পড়িয়েছে জয়ন্তীকে: জিপিএ-৫ পাওয়ার কথা শোনে প্রথমটায় বিশ্বাসই করতে পারছিল না মেয়েটি। পরে শিক্ষকের মুখে তার সাফল্যের কথা শোনে কেঁদে ফেলে নীলফামারীর সৈয়দপুরের জয়ন্তী রায়। এবার সে সৈয়দপুরের কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এ সাফল্য পেয়েছে। জয়ন্তীদের বাড়ি সৈয়দপুর পৌরসভার রায়পাড়া গ্রামে। একটি ছাপরাঘরে বাবা-মাসহ চারটি ভাইবোন কোনো রকমে থাকে। জয়ন্তী জানায়, তার বাবা মন্মথ রায় অন্যের জমিতে কামলা খাটেন। দিনে ৫০ থেকে ১৫০ টাকা পান। যেদিন কাজ জোটে না সেদিন...। এটুকু বলে আর কথা বলতে চাইল না মেয়েটি। চোখ তার ছলছল করে ওঠে। বড় দুটি বোন জনতা ও জয়া ঘরে বসে কারচুপির কাজ করেন। সেখান থেকে পাওয়া টাকা দিয়ে চলে জয়ন্তীর পড়ার খরচ। জয়ন্তীর এক ভাই, নাম ডালিম রায় (২১), বেকার। জনতা ও জয়া জানান, আমরা যা পারিনি, জয়ন্তী তা পেরেছে। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে জয়ন্তী। শেষ পর্যন্ত লড়তে চায় লিটন: কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া ডাউকিয়া গ্রামের নূর মিয়া (৪২) রিকশা চালান। কখনো অন্যের জমিতে কাজ করেন। পাঁচ সন্তানকে নিয়ে খেয়ে না-খেয়ে কোনো রকমে বেঁচে আছেন। তৃতীয় ছেলে মো. লিটন মিয়া বড় ভাইয়ের সঙ্গে কাঠমিস্ত্রির জোগালির কাজ করে মাঝেমধ্যে। কখনো বাবার সঙ্গে জমি চষে। এবার এসএসসি পরীক্ষায় লিটন মিয়া সদর উপজেলার কাটাবাড়িয়া এ আর খান উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।লিটন বলে, ‘বাবা-মা, ভাই-বোনের কষ্ট দেখে ভেবেছিলাম, পড়াশোনা ছেড়ে দিয়ে, কাঠমিস্ত্রির কাজ করে, সংসারের অভাব দূর করব। পরে প্রতিজ্ঞা করি, পড়াশোনা করে চিকিৎসক হয়ে পরিবার, সমাজ ও দেশের জন্য কিছু করব। প্রথম ধাপ পার হয়েছি। গন্তব্যে পৌঁছাতে যতক্ষণ দেহে প্রাণ আছে, লড়ব।’ ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চায় সে।গৃহশিক্ষক হেনার সাফল্য: ছোটবেলা ভুল চিকিৎসায় একটি অঙ্গ হারায় হেনা। তবু সে দমেনি। তার হার না মানা সাফল্য গ্রামবাসীকে অবাক করেছে। হেনা বেগম এবার এসএসসি পরীক্ষায় মৌলভীবাজারের জুড়ী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। হেনাদের বাড়ি সদর উপজেলার বেলাগাঁও গ্রামে। ছোট্ট একটা খুপরিঘরে ভাই আর মাকে নিয়ে থাকে হেনা। মা আউলিয়া বেগম বাড়ি বাড়ি কাজ করে সংসার চালান। তিনি জানান, বছর কয়েক আগে তাঁর বড় মেয়ে মালেকার বিয়ে হয়ে গেছে। আর ছেলে আতাউর কাঠমিস্ত্রির কাজ শিখছে। হেনা জানায়, খাতা ও বইপত্র কেনার ব্যয় মেটাত গৃহশিক্ষকের কাজ করে সে। জুড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, ‘হেনার দৃঢ় মনোবল আছে।’বোনের স্বপ্ন পূরণ করল ইকরা: এক ভাই, চার বোন আর মাকে নিয়ে তাদের সংসার। এ মানুষগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সওদাগরপাড়া গ্রামে দুই কামরার একটি বেড়ার ঘরে থাকেন। বছর চারেক আগে পরিবারের কর্তা শাহ আলমের মৃত্যুর পর পরিবারটি যেন অথই সাগরে পড়ে। উচ্চমাধ্যমিক পরীক্ষা না দিয়ে একমাত্র ভাই শহীদুল ইসলাম দর্জির দোকানে কাজ নেন। কিন্তু যে টাকা পান, তা দিয়ে সংসার চলে না। তার ওপর বোনদের পড়ার খরচ তো আছেই। অর্থাভাবে বোন ওয়াহিদা সুলতানা উচ্চমাধ্যমিক পাস করেও পড়াশোনা ছেড়ে দেন। শুরু করেন গৃহশিক্ষকের কাজ। হাল ধরেন ছোট বোন ইকরা সুলতানার। ওয়াহিদা সুলতানা বলেন, ‘টাকার অভাবে কোনোদিন ওর গৃহশিক্ষক জোটেনি। সকাল-বিকাল আমি পড়াতাম ওকে। টিউশনি করে ওর পড়ার খরচ জোগাতে হতো। স্বপ্ন দেখতাম, বোনটা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাবে। সে স্বপ্ন পূরণ করেছে ইকরা।’ এবার রাঙ্গুনিয়ার মরিয়মনগর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সে জিপিএ-৫ পেয়েছে।ইকরা বলে, ‘ভবিষ্যতে চিকিৎসক হতে চাই।’প্রচণ্ড খাটতে পারে নাফিকুল: বাবা দীর্ঘদিন ধরে পঙ্গু হয়ে ঘরে পড়ে আছেন। মা সেলাইয়ের কাজের পাশাপাশি একটি গাভি পালেন। বাধ্য হয়ে অল্প বয়সেই কাজে নামতে হয় নওগাঁ শহরের চকবাড়িয়া মহল্লার নাফিকুল ইসলামকে। রাজমিস্ত্রির জোগালি থেকে শুরু করে জমি জরিপ, কাচের খেলনা বানিয়ে বেচা—পেটের তাগিদে কী না করেছে সে! এত সব কাজের পরও পড়াশোনায় ছিল তার অখণ্ড মনোযোগ। তার ফলও সে পেয়েছে হাতেনাতে। এবার এসএসসি পরীক্ষায় নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে।চকবাড়িয়া মহল্লার কয়েকজন বাসিন্দা জানালেন, নাফিকুল অসম্ভব পরিশ্রম করতে পারে। সে মায়ের সঙ্গে বাড়ির উঠান পরিষ্কার, থালা-বাসন মাজাসহ রান্নার কাজ পর্যন্ত করে।নাফিকুলের মা নাদিরা বেগম জানান, ছোট্ট ঘরটায় নাফিকুল পড়াশোনাসহ খেলনা তৈরির কাজ করে। স্কুল ছুটির দিনে সে রাজমিস্ত্রির জোগালির কাজ করে। নাফিকুল জানায়, ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন কল্যাণ প্রসূন, জুড়ী (মৌলভীবাজার); আনোয়ার পারভেজ, কালাই (জয়পুরহাট); সাইফুল হক মোল্লা, কিশোরগঞ্জ; ইব্রাহিম খলিল, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম); এম আর আলম, সৈয়দপুর (নীলফামারী) ও সাইদুর রহমান, নওগাঁ]