চিকিৎসক হতে চায় জান্নাতুল ফেরদৌস

উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরের একটি গ্রাম। বাবা আলতাফ হোসেন ডিশ-শ্রমিক। অভাব-অনটনে সংসারে যেন নুন আনতে পান্তা ফুরোয়। ভালো খাবার আর ভালো পোশাক জোটেনি কপালে। কীভাবে লেখাপড়া করবে, সেই চিন্তা ঘুরপাক করে মনের ভেতরে সারা দিন। তারপরও মনোবল হারায়নি। বাবার একটি ভাঙা বাইসাইকেলই ভরসা। সেই সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়া-আসার ফাঁকে ফাঁকে মনে ভেতরে স্বপ্ন আঁকে চিকিৎসক হওয়ার। সেই অদম্য মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
এবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা এস এস মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে প্রাথমিক ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
হাতীবান্ধার দক্ষিণ বাড়াইপাড়া গ্রামে দরিদ্র শ্রমিক আলতাফ হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস। মা নাজমা বেগম গৃহিণী। ৬ শতাংশের জমিতে একটি ঘরই তাদের সম্বল। বাবার আয়ে চলে তাদের চার সদস্যের সংসার ও দুই বোনের লেখাপড়ার খরচ। জান্নাতুল ফেরদৌস চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু সেই স্বপ্নে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে পড়াশোনার খরচ। তাই বর্তমানে সাফল্য এলেও ভবিষ্যতের স্বপ্নপূরণে শঙ্কা কাটছে না অদম্য মেধাবী জান্নাতুল ফেরদৌসের।
বাবা আলতাফ হোসেন বলেন, তিনি এলাকায় কেব্ল অপারেটর শ্রমিকের কাজ করেন। দিনে যা মজুরি পান, তা দিয়ে চারজনের সংসার চলে না। আবার কাজ না পেলে না খেয়ে থাকতে হয়। তারপরও কষ্ট করে দুই মেয়ের লেখাপড়ার খরচ চালিয়েছেন। তারপরও মেয়ে ওপরের ক্লাসে উঠেছে। ভালো ফলও করেছে। এখন আর লেখাপড়ার খরচ চালানো তাঁর পক্ষে সম্ভব নয়। কেউ সহায়তা করলে মেয়েটি ভবিষ্যতের স্বপ্নপূরণে পথে এগিয়ে যাবেই।
জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমার বাবা অসচ্ছল। ছোট থেকে আমার পড়াশোনার খুবেই ইচ্ছে। তাই সাইকেল চালিয়ে স্কুলে যেতাম। টাকার অভাবে প্রাইভেট পড়তে পারিনি। আমি গ্রাম থেকে যেতাম। পরিধেয় কাপড়ও দামে কম হওয়ায় অন্যরা অবহেলার চোখে দেখত। আমার খুব ইচ্ছে, আমি মেডিকেল কলেজে পড়ে চিকিৎসক হতে চাই। কিন্তু বাবার সামর্থ্য নেই। তাহলে কি অর্থের অভাবে আমার চিকিৎসক হওয়ার স্বপ্নটা আশাই থেকে যাবে।’
হাতীবান্ধা এস এস মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, এই শিক্ষার্থী পারিবারিকভাবে দরিদ্র হলেও মেধাবী। তার স্বপ্ন এক ধাপ এগিয়েছে। সহায়তা পেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।